Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিগত নির্বাচনে ব্লকে দলকে শক্তিশালী করার পুরস্কার পাবেন তৃণমূল নেতারা

কোনও এলাকায় তৃণমূলের ফল প্রত্যেক ভোটেই ভালো হচ্ছে। কোথাও আবার ধারাবাহিকভাবে নিম্নগামী। এই অবস্থায় নির্বাচনের ফলাফল ভিত্তিক একটি রিপোর্ট তৈরি করছে তৃণমূল।

বিগত নির্বাচনে ব্লকে দলকে শক্তিশালী করার পুরস্কার পাবেন তৃণমূল নেতারা
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও এলাকায় তৃণমূলের ফল প্রত্যেক ভোটেই ভালো হচ্ছে। কোথাও আবার ধারাবাহিকভাবে নিম্নগামী। এই অবস্থায় নির্বাচনের ফলাফল ভিত্তিক একটি রিপোর্ট তৈরি করছে তৃণমূল। তৃণমূলের বুথ, ব্লক বা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যে পদাধিকারীরা প্রতি নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের পুরস্কৃত করবে দল। এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হবে—পারফরম্যান্স বা যোগ্যতাই হল শেষ কথা। দলের স্বার্থে যিনি ভালো কাজ করবেন, তাঁকে পুরস্কৃত করা হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে সবরকম সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একদিকে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন। অন্যদিকে চলছে সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া। ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিইউসি, সংখ্যালঘু শাখায় জেলাভিত্তিক একাধিক বদল হয়েছে নেতৃত্বে। দলের মাদার সংগঠনেও একাধিক জেলায় রদবদল হয়েছে। শীঘ্রই পুরসভা এলাকায়ও বেশ কিছু রদবদল হবে বলে খবর। এই সামগ্রিক প্রেক্ষাপটে তৃণমূলের পর্যালোচনার মধ্যে রয়েছে এলাকা ভিত্তিক পারফরম্যান্স রিপোর্ট। যেখানে মাপকাঠি হিসেবে ধরা হয়েছে ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনগুলিতে কোন বুথ, কোন ব্লক, কোন ওয়ার্ডে তৃণমূলের ধারাবাহিক সাফল্য এসেছে, তা দলের শীর্ষস্তরে খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটি নির্বাচনে যেখানে তৃণমূলের ভোট ব্যাংক অক্ষুণ্ণ থেকেছে বা বৃদ্ধি পেয়েছে, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের সংবর্ধিত ও পুরস্কৃত করার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রে খবর, কিছু কর্মী দলের জন্য দিনরাত পরিশ্রম করছেন। সংগঠনকে শক্তিশালী করছেন। ফলে পরপর নির্বাচনে তৃণমূলের ভোট বৃদ্ধি পাচ্ছে। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, ব্যক্তির চেয়ে তাঁদের কাছে বড় হল দল। তাই ওই কর্মীদের সংবর্ধিত করা হবে। এর পাশাপাশি শেষ লোকসভা ও বিধানভা ভোটে যেসব এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, সেখানে সাংগঠনিক কাজকর্ম ঠিকঠাক না হওয়াতেই এই অবস্থা বলে মনে করছে নেতৃত্ব। তাঁদের সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর রাখছে তৃণমূল। সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে দায়িত্ব ও যোগ্যতার সঙ্গে কাজ করতে না পারা নেতারা বাদ পড়বেন বলেই মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ