Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতা খুন: ১ সপ্তাহ পর গ্রেপ্তার মূল অভিযুক্ত

আগের সপ্তাহের শনিবার বেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরে তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং গুলিবিদ্ধ হন।

তৃণমূল নেতা খুন: ১ সপ্তাহ পর গ্রেপ্তার মূল অভিযুক্ত
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগের সপ্তাহের শনিবার বেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরে তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে অবশেষে গ্রেপ্তার করল পুলিস। আগে ইন্দালের বন্ধু বিক্কি যাদব গ্রেপ্তার হয়েছিল।

Advertisement

গত শনিবার সন্ধ্যায় বাসুদেবপুরে চায়ের দোকানের সামনে বাইকে করে এসে তিনজন বিকাশবাবুর নাম ধরে ডাকে। বিকাশ পিছন দিকে তাকাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলি লাগে তৃণমূল নেতার। আর একটি গুলি পাশে থাকা সন্তু দাস নামে এক যুবকের কোমর ছুঁয়ে বেরিয়ে যায়। সন্তু স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন। দাঁড়িয়ে ছিলেন ওই চায়ের দোকানের সামনে। পুলিস জানতে পারে, ইন্দাল পুরনো শত্রুতার জেরে বিকাশবাবুকে খুনের ছক করেছিল। গতবছর মহিলা সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে ইন্দালকে মারধর করেছিলেন বিকাশ ও কাউন্সিলার নির্মলা রাইয়ের দলবল। তারপর এলাকা ছাড়া হয়ে যায় ইন্দাল। নিউটাউনে একটি হোটেলে ম্যানেজারের কাজ করত। ঘটনার দিন সন্ধ্যায় বন্ধু বিক্কি যাদবের জন্মদিন উপলক্ষ্যে বেলঘরিয়ায় আসে। সেলিব্রেশনের আগে বাইক নিয়ে দুই বন্ধুর সঙ্গে বেরয়। বিকাশকে গুলি করে। জেরায় ইন্দাল জানিয়েছে, প্রথম গুলিটি পেটে করার পর দ্বিতীয় গুলি মাথা লক্ষ্য করে চালানোর টার্গেট ছিল। কিন্তু ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি ছিটকে পাশে থাকা একজনের শরীরে লাগে। ধরা পড়ার ভয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে তারপর চম্পট দেয় ইন্দালরা। পালানোর পর প্রথম যায় কর্মক্ষেত্র নিউটাউনের ওই হোটেলে। পোশাক পাল্টায়। তারপর বিহারে পালিয়ে যায়। অন্যদিকে পুলিস তার সন্ধানে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করছিল। পুলিসের একটি টিম সেখানে গিয়েওছিল। কিন্তু ইন্দাল পালিয়ে ফের চলে এসেছিল বেলঘরিয়ায়। এবার তার খোঁজ পায় এবং গ্রেপ্তার করে পুলিস। ডিসি সাউথ অনুপম সিং বলেন, ‘ইন্দাল ও বিক্কিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ