Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা বেহাল, জনসংযোগে গিয়ে হুমকির মুখে তৃণমূল যুব সভাপতি

জনসংযোগে বেরিয়ে সোমবার গ্রামবাসীদের হুমকির মুখে পড়লেন মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল

রাস্তা বেহাল, জনসংযোগে গিয়ে হুমকির মুখে তৃণমূল যুব সভাপতি
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: জনসংযোগে বেরিয়ে সোমবার গ্রামবাসীদের হুমকির মুখে পড়লেন মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। বেহাল রাস্তা ঠিক না হলে জনসংযোগ করতে দেবেন না এবং ভোটও বয়কট করবেন বলে সাফ তাঁকে জানিয়ে দিলেন কার্তিকটোলার বাসিন্দারা। একইসঙ্গে কেন এতদিন রাস্তা হয়নি, সেই প্রশ্ন তোলেন তাঁরা। যদিও গ্রামবাসীদের অভিযোগ শুনে বিশ্বজিত্ কথা বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালদহের জেলাশাসকের সঙ্গে। দ্রুত রাস্তার কাজ  হবে বলে আশ্বাস দেওয়ার পর শান্ত হন বাসিন্দারা। 

Advertisement

স্থানীয়দের দাবি, ভূতনির দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের কার্তিকটোলা গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। এই রাস্তাটি পশ্চিম নারায়ণপুর হাইস্কুল ও মানিকচকের যোগাযোগের মূল মাধ্যম। প্রতিবছর বর্ষায় চলার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিষয়টি প্রশাসনিক মহল বিধায়ক সহ সমস্ত রাজনৈতিক দলকে জানালেও কেউ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এদিন বিশ্বজিৎ রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে ভুয়ো ভোটার খোঁজা এবং জনসংযোগের জন্য কার্তিকটোলা গিয়েছিলেন। শাসক দলের জেলা নেতাকে নাগালে পেয়ে এক এক করে জড়ো হন গ্রামবাসীরা। তাঁরা রাস্তা সংস্কারের দাবি জানান তৃণমূল নেতার কাছে। 
গ্রামবাসী কৃষ্ণ মণ্ডল বলেন,গ্রামের এই রাস্তা কোনওদিনও সংস্কার হয়নি। আমরা সমস্ত জায়গায় আবেদন জানালেও কেউ পাত্তা দেয় না। গ্রামের নেতা গৌরচন্দ্র মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি থাকার সময়ও কাজ করেননি। দীর্ঘদিন বঞ্চনার জেরে গ্রামবাসীর বৈঠক করে ঠিক করেছেন রাস্তা না হলে বিধানসভা নির্বাচন বয়কট করা হবে। কোনও রাজনৈতিক দলকে জনসংযোগ করতে দেওয়া হবে না। যে দল রাস্তা করবে, তাদেরই ভোট দেবেন বলে জানিয়েছেন বাসিন্দারা।
বিশ্বজিৎ বলেন, গ্রামবাসীদের দাবি একেবারে যুক্তিসঙ্গত। এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানি না। তবে বাসিন্দাদের দাবি জেলা প্রশাসন ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে জানিয়েছি। রাস্তার কাজ খুব দ্রুত হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে ভোট বয়কট বা জনসংযোগে বাধা দেওয়া ঠিক নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ