নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাংলাভাষীদের উপর আক্রমণ ও নানুর দিবস উপলক্ষ্যে রবিবার বিকেলে মেজিয়ায় তৃণমূলের মহামিছিল হয়। মিছিল শেষে শহিদবেদীতে মাল্যদান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অলকা সেনমজুমদার, মেজিয়া ব্লক তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইন্দ্রজিৎবাবু বলেন, মেজিয়ার তারাপুর এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়। বোর্ড স্কুল হয়ে মিছিল বাগানগোড়া ট্যাক্সিস্ট্যান্ডে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার আগে নানুরকাণ্ডে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। দলের নেতানেত্রীরা শহিদবেদীতে মাল্যদান করেন। দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে অত্যাচার চালানো হচ্ছে। মহামিছিল থেকে তার প্রতিবাদে দলের কর্মীরা গর্জে ওঠেন। মিছিলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার কর্মী-সমর্থক অংশ নিয়েছিলেন। বাংলাভাষীদের উপর অত্যাচার বন্ধ না হলে আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।



