নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তৃণমূলের ৮১ জনের জলপাইগুড়ি জেলা কমিটি গঠিত হল শুক্রবার। দীর্ঘদিন পর দলে পদ পেলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁকে জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে। যদিও নয়া কমিটিতে সৈকতের সঙ্গে আরও ১৫ জন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রয়েছেন। এর আগে সৈকত যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি ছিলেন। পরে জলপাইগুড়ি শহরের একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় দলে পদ খোয়ান তিনি। এরপর থেকে তৃণমূলের সমস্ত কর্মসূচিতে হাজির থাকলেও, দলের কোনও পদে ছিলেন না তিনি। বিধানসভা ভোটের আগে তাঁকে জেলা সাধারণ সম্পাদক করে দলে সৈকতের গুরুত্ব বৃদ্ধি করা হল বলে মনে করছেন অনেকে। যদিও সৈকত বলেন, শুনেছি আমাকে দলের জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে। আমার সঙ্গে আরও অনেকে এই পদে রয়েছেন। ফলে এসব পদ নিয়ে আমার মোহ নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করি। মানুষকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসি।



