সংবাদদাতা, হলদিয়া: একুশে জুলাইয়ের স্মৃতিতে তরুণ প্রজন্মের মধ্যে আবেগ উসকে দিয়ে সুতাহাটায় ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা ভোটে হলদিয়ায় বিজেপিকে হারানোর লক্ষ্যে একুশে জুলাইয়ের সভায় শপথ নেবে সুতাহাটা। মঙ্গলবার সুতাহাটার ঢেকুয়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ২১জুলাইয়ের প্রস্তুতি সভায় এই বার্তা দিয়েছে ব্লক ও জেলা নেতৃত্ব। এদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, বিধায়ক তাপসী মণ্ডল, রাজ্য যুব সভাপতি অভিষেক দাস, সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ বটব্যাল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সহ ব্লক ও অঞ্চলের নেতারা। তাঁরা বলেন, বুথে বুথে গিয়ে সিপিএমের সেদিনের নৃশংস ও অত্যাচারী চেহারা তুলে ধরতে হবে। এরাই ছাপ্পা ও রিগিংয়ের জনক, মানুষকে মনে করিয়ে দিন। সেজন্যই গ্রামের মানুষ সিপিএমকে আজও হার্মাদ বলে ডাকে। ৩২বছর আগের ইতিহাস উল্লেখ করে এদিন সভায় ১৯৯৩ সালের ২১জুলাইয়ের স্মৃতি উসকে দেন নেতারা। কীভাবে বাম সরকারের পুলিসের গুলিতে ১৩জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল সেই কাহিনি শোনানো হয়। ওই সভা রাজ্যের তৃণমূল নেতা কর্মীদের কাছে শপথ গ্রহণের দিন বলে উল্লেখ করেন জেলা সভাপতি সুজিত রায়। তিনি বলেন, বুথে বুথে গিয়ে সেদিনের সিপিএমের অত্যাচারের কাহিনী তুলে ধরতে হবে। একইভাবে আজকের বিজেপির হিন্দু-মুসলমানে বিভেদ তৈরির চেষ্টাও রুখতে হবে।



