স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, তামিলনাড়ুতে মৃত্যু তিন পড়ুয়ার
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ুর কুড্ডালোরে ভয়াবহ দুর্ঘটনা। লেভেল ক্রসিংয়ে স্কুল ভ্যানে ধাক্কা মারল প্যাসেঞ্জার ট্রেন। মৃত্যু তিন পড়ুয়ার। আশঙ্কাজনক আরও দুই। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল ৭ টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রেলগেটের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিল্লুপুরাম-মায়িলাদুরাই প্যাসেঞ্জার ট্রেন যখন ১৭০ নম্বর রেল ক্রসিং পার করছিল, তখন হঠাৎই সামনে চলে আসে স্কুল ভ্যানটি। দ্রুত ব্রেক কষেন লোকো পাইলট। তবে দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। জানা গিয়েছে, সেসময় বাসে ড্রাইভার ছাড়াও ছিল ৪ পড়ুয়া। তাঁদের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘটনায় ইলেকট্রিক তার ছিঁড়ে আহত হয়েছেন এক পথচারীও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাস চালক ও এক পড়ুয়া। অভিযোগ, রেলকর্মী লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেননি। এমনকী সেখানে কোনও সিগন্যালও ছিল না। যদিও দক্ষিণ রেলের দাবি, বাসচালকের জারিজুরিতেই গেট খোলা হয়েছিল। দক্ষিণ রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও গুরুতর আহতদের জন্য ২ লক্ষ ৫০ হাজার ও সামান্য আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। গুরুতর আহত ও সামান্য আহতদের জন্য যথাক্রমে ১ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

Advertisement