‘নোট চোররা আজ ভোট চোর’, বিজেপি সরকারকে আক্রমণ এপিসিআরের, সরব আইনজীবীরা
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশবাসীর ভিন্নমত প্রকাশের অধিকার ও বাংলায় ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে এবার সরব অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। নাম না করে এরাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন সংগঠনের কলকাতা চ্যাপ্টারের সহসভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত। রবিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘টিভির পর্দায় এদের আগে নোট গুনতে দেখা যেত। সেই নোট চোররা আজ ভোট চোর।’ তাঁর আরও বক্তব্য, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। সরকার বিরোধী যেকোনো ধরনের মত পোষণ করার অধিকার আমাদের রয়েছে। সেই অধিকার আমাদের কোনো সরকার বা রাজনৈতিক দল দেয়নি, দিয়েছেন ভারতের সংবিধান। সেই সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন্দ্র-রাজ্য দুই সরকারই একই পথে চলছে।’
মানবাধিকারের স্বার্থে ‘বিচার’ চেয়ে এদিন একটি সভার আয়োজন করে এপিসিআর। সেখানে উপস্থিত ছিলেন দেশের বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় থিপসে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ, ভারতের প্রাক্তন সহকারী সলিসিটর জেনারেল আইনজীবী মুক্তার খান, যাদবপুরের প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ শাহিদ ইমাম এবং এপিসিআরের কর্মকর্তারা। এপিসিআরের কলকাতা চ্যাপ্টারের সম্পাদক উমর আওয়াইস বলেন, এরাজ্যের ২৪টি জেলায় এপিসিআরের শাখা সংগঠন রয়েছে। তাঁরা বিনা খরচে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মামলা লড়তে সাহায্য করেন অভিযুক্তদের। উমরের কথায়, ভোট-পরবর্তী হিংসায় বিভিন্ন জেলায় বহু মানুষ খুন হয়েছেন। সেইসব ঘটনা প্রকাশ্যে আসেনি। এলেও ধৃতদের দ্রুত জামিন হয়ে গিয়েছে। সবকটি ঘটনায় সংগঠনের তরফে সেই জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে পিটিশন জমা দেওয়া হয়েছে। 
রাজ্যের পাশাপাশি, দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন এপিসিআরের সদস্যরা। ছোটন দাস নামে এক সদস্যের কথায়, দিল্লিতে কেন্দ্রীয় সরকার বর্বরোচিত আচরণ করছে। সেখানে পুলিশকে দিয়ে সংবিধান ও গণতন্ত্রে উপর হামলা চালানো হচ্ছে। 

Advertisement