নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুর থানা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। বুধবার সন্ধ্যায় একটি অবর্জনার স্তূপের উপর প্লাস্টিক চাপা দেওয়া অবস্থায় দেহটি উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, দেহটি তিন-চারদিনের পুরনো। পচাগলা অবস্থায় সেটি উদ্ধার হয়েছে। রাত পর্যন্ত মৃতের নাম, পরিচয় জানতে পারেনি পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন তদন্তকারীরা। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? সে বিষয়ে ধারণা পেতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়। একটি সাদা রঙের প্লাস্টিক থেকেই সেই গন্ধ বের হচ্ছে বলে চিহ্নিত করেন স্থানীয়রা। সেখানে মৃতদেহ রয়েছে বুঝতে পেরে ঠাকুরপুকুর থানায় ফোন করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্লাস্টিক খুলতেই দেখা যায়, পচাগলা অবস্থায় পড়ে রয়েছে দেহ। দেহের বাইরের অংশে কোনও আঘাত রয়েছে কি না, তা বোঝা সম্ভব নয় বলে পুলিস সূত্রের খবর। খুন করে কেউ ওই ব্যক্তিকে প্লাস্টিক ‘বন্দি’ অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ওই এলাকায় কোনও সন্দেহভাজনের গতিবিধি দেখা যাচ্ছে কি না, তা তদন্তকারীদের নজরে। লালবাজারের এক কর্তার কথায়, প্রাথমিকভাবে দেহটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। গত তিন চারদিনে ঠাকুরপুকুর থানা কিংবা আশপাশের কোনও থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। উল্লেখ্য, গত সপ্তাহে তারাতলা থানা এলাকায় ঝোপের পাশ থেকে পচাগলা দেহ উদ্ধার হয়। সেই মহিলার পরিচয় এখনও মেলেনি।



