নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের এই আমেজ চলবে আরও দিন দুই। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর কারণ হাওয়ার গতিপ্রকৃতির পরিবর্তন। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এখন উত্তর-পশ্চিমি শুকনো ঠান্ডা বাতাসের জন্য রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভবিকের চেয়ে কম। দিনকয়েক পরই বাতাস ঢুকতে শুরু করবে উত্তর-পূর্ব দিক থেকে। তখন তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়ে স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে।
নভেম্বরের প্রথমার্ধে তাপমাত্রা কমলেও তাকে স্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, কয়েকবছর আগেও কলকাতায় এইসময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এসেছিল। আর নভেম্বর মাসের তৃতীয়-চতুর্থ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে আসার নজির রয়েছে একাধিক।
তবে এবার নভেম্বরের ওইসময়ে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে কতটা শীত থাকবে, তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে সংশয় আছে। কারণ ২১ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে। ২৩ তাখির নাগাদ বঙ্গোপসাগরের একই জায়গায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। নিম্নচাপটি কোন দিকে যাবে, সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি। তবে প্রবীণ আবহাওয়াবিদরা মনে করছেন, এইসময়ে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে সেটির দক্ষিণ ভারত উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু নিম্নচাপটি এদিকে না এলেও তার প্রভাবে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হতে পারে। তখন বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। তাতে তাপমাত্রা বেড়ে যাবে। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের দিকে একটি নিম্নচাপ-ঘূর্ণাবর্ত তৈরি হলেও সেটি এদিকে কোনও প্রভাব ফেলবে না। এটি আরব সাগরের দিকে চলে যাবে।
তাই আপাতত কয়েকদিন পর তাপমাত্রা একটু বাড়লেও স্বস্তিদায়ক আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রাও এখন স্বাভাবিকের থেকে কম। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও রাজ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতনে (১৩.২ ডিগ্রি)। পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির আশপাশে ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় সামান্য কমে ১৭.১ ডিগ্রি হয়। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে হয় ৭ ডিগ্রি। তবে পাহাড়ে কনকনে শীত পড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি ছিল। আর কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা (১৬) ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।