সাগরের মণ্ডপে এবার দেখা মিলবে  রামমন্দির থেকে ভুবনেশ্বরী মন্দির
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গ্রামের বাসিন্দাদের হাতে ছোঁয়ায় সেজে উঠছে সাগরের মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ। এ বছর দক্ষিণপল্লির পুজো ১৭ বছরে পা দিল। ‘সত্যমেব জয়তে’র ভাবনায় মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে প্রতিমা। পুজো কমিটির সভাপতি সুতনু মাইতি বলেন, ‘চার বছর আগে দুর্গাপূজার সময় প্রবল বৃষ্টি হয়েছিল। সেই বছর কীভাবে পুজো করা হবে, তা নিয়ে কমিটির সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই সময় এক শিল্পী গ্রামের বাসিন্দাদেরই মণ্ডপ তৈরি করার জন্য উৎসাহিত করেছিলেন। তারপর থেকে এখনও গ্রামের পড়ুয়া, পুরুষ ও মহিলারা সম্মিলিতভাবে মণ্ডপ তৈরি করে আসছেন।’ 

Advertisement

সাগরের মন্দিরতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটির এ বছরের থিম ‘গ্রামের মেয়ে উমা’। এখানে মণ্ডপ তৈরি করা হচ্ছে ভুবনেশ্বরী মন্দিরের আদলে। পূজা কমিটির সম্পাদক সুকুমার মাইতি বলেন, ‘এ বছর আমাদের পুজো ৩৬ বছরে পড়ল। পুজোর দিনগুলিতে বিভিন্ন সামাজিক কর্মসূচিও রয়েছে আমাদের।’ 
অন্যদিকে, বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সাগরের আশ্রম মোড় সর্বজনীন দুর্গোৎসবের পুজোর মণ্ডপ সেজে উঠছে বেঙ্গালুরুর বিধান সৌধের আদলে। পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ পন্ডা বলেন, ‘এই পুজোর এবার ৬৪তম বর্ষ। সাগরের অন্যতম প্রাচীন পুজো হিসাবে আমাদের এই পুজোর খ্যাতি রয়েছে।’ সাগরের কচুবেড়িয়া বাসস্ট্যান্ড সর্বজনীন দুর্গোৎসবের এ বছরের থিম ‘রামায়ণের স্মরণে’। রামমন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হচ্ছে। এই মণ্ডপে অজন্তা  মডেলে দেবী দুর্গাকে উপস্থাপন করা হয়েছে। এই পুজো ঘিরে ওই এলাকায় বড়ো মেলার আয়োজন করা হয়। কমিটির যুগ্ম সম্পাদক অলকেশ দাস বলেন, ‘আমাদের পুজোর ৫৭তম বর্ষ।’  নিজস্ব চিত্র