নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: দেবীপক্ষের সূচনা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দ্বারোদ্ঘাটন। সেই শুভ মুহূর্তকে সাক্ষী রেখেই রবিবার কলকাতায় পুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাতে তিনি বিধায়ক সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সুনীল বনসল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিন রাতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোও। এতকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানেই ছিল প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পুজো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মহালয়ার দিনই পুজোর উদ্বোধন হয়ে যেত! পিতৃপক্ষে উদ্বোধন নিয়ে বিতর্কের অন্ত ছিল না। পালাবদলের পর বদলেছে শ্রীভূমির নয়া কমিটি। সুজিত বসু এখন জেলবন্দি। এবারও মুখ্যমন্ত্রীর হাত দিয়েই উদ্বোধন হল পুজোর। তবে, দেবীপক্ষের সূচনার পর। উদ্বোধনী অনুষ্ঠানে পাড়ার মানুষের অংশগ্রহণ ছিল নজরকাড়া।
এদিন বিকালে উদ্বোধন হয়েছে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবেরও। উদ্বোধনী অনুষ্ঠানে পুজোর প্রধান উপদেষ্টা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি, পদ্মশ্রী পাওয়া ৬ জন সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্টরা। পুজোর সম্পাদক সমরেশ দাস বলেন, উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা প্রবেশ করছেন। তাঁদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আগামী ১৩ অক্টোবর আমাদের মণ্ডপে আসবেন।



