Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

এবার প্রিয়াঙ্কা, আদালত অবমাননার মামলা করতে তৎপর গেরুয়া শিবির

এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছে বিজেপি। সম্প্রতি ভারতীয় সেনা সম্পর্কে মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

এবার প্রিয়াঙ্কা, আদালত অবমাননার মামলা করতে তৎপর গেরুয়া শিবির
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছে বিজেপি। সম্প্রতি ভারতীয় সেনা সম্পর্কে মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এব্যাপারে দাদার পাশেই দাঁড়িয়েছেন ওয়েনাড়ের সাংসদ। মঙ্গলবার সোনিয়া-কন্যা বলেন, কে সাচ্চা ভারতীয় তা আদালত ঠিক করে দিতে পারে না। তাঁর এই মন্তব্য আদালত অবমাননাকর বলে দাবি গেরুয়া শিবিরের।  বিজেপি সাংসদ মানান কুমার মিশ্রর অভিযোগ, প্রিয়াঙ্কার গান্ধীর মন্তব্য আদালত অবমাননার শামিল। আমরা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করব। আদালত ঠিক কী বলতে চেয়েছে, তা না জেনেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী। 

Advertisement

ভারত-চীন সীমান্ত সংঘাত প্রসঙ্গে সেনা সম্পর্কে মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিলেন রাহুল। ভারত জোড়ো যাত্রা চলাকালে ২০২২ সালের ১৬ ডিসেম্বর কংগ্রেস সাংসদ বলেছিলেন, চীন ভারতের ২ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। অরুণাচলে লালফৌজ ভারতীয় সেনাকে মারধর করছে। এই মন্তব্যের ভিত্তিতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। গত সোমবার এ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েন লোকসভার বিরোধী দলনেতা। আদালত বলে, ‘ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে, এমন তথ্য আপনি কোথায় পেলেন? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য নথি রয়েছে? যদি তা না থাকে, তবে সাচ্চা ভারতীয় হিসেবে আপনি এমন মন্তব্য করবেন না।’ পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা কেন বিষয়টি সংসদে না তুলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, তা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। এপ্রসঙ্গে দাদার পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘রাহুলের মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে। বিচারপতিদের প্রতি সম্মান জানিয়ে বলছি, তাঁরা এটা বিচার করতে পারেন না কে প্রকৃত ভারতীয়’। তাঁর এই মন্তব্যেকে হাতিয়ার করে এবার আদালত অবমাননা মামলার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ