এসআইআরের কাজের চাপে এবার অসুস্থ হয়ে পড়লেন এইআরও। এমনটাই অভিযোগ পরিবারের। পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের যুব আধিকারিক তথা পিংলা বিধানসভার এইআরও’র আজ, রবিবার ভোরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তারপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি প্রথমে তাঁকে পিংলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতাতে রেফার করা হয়েছে। এই বিষয়ে ওই এইআরও’র স্ত্রী শম্পা পাল বলেন, স্বামীর এসআইআরের কাজ নিয়ে চাপে ছিলেন। ৪০জন বিএলও-র দায়িত্ব ছিল তাঁর কাঁধে। প্রচণ্ড কাজের চাপে সময়মতো খাওয়া- দাওয়া ও ঘুম হয়নি। আজ, রবিবার ভোরে ব্রেন স্ট্রোক হয় তাঁর।



