Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘বড় শহরে এমন ঘটতেই পারে’, শ্লীলতাহানির ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

রাজ্য রাজধানীর রাস্তায় মহিলার শ্লীলতাহানির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। এবার এব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের অসংবেদনশীল মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

‘বড় শহরে এমন ঘটতেই পারে’, শ্লীলতাহানির ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রাজ্য রাজধানীর রাস্তায় মহিলার শ্লীলতাহানির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকে। এবার এব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের অসংবেদনশীল মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। সোমবার মন্ত্রী বলেন, বেঙ্গালুরুর মতো বড় শহরে এমন ঘটনা ঘটেই থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর এভাবে দায় এড়ানোর চেষ্টার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। বিটিএম লেআউটে গত সপ্তাহের এই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। একটি গলি দিয়ে যাচ্ছিলেন দুই মহিলা। তাঁদের মধ্যে একজনকে আচমকাই জাপটে ধরে এক দুষ্কৃতী। সঙ্গীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন অন্য মহিলা। কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে যৌন হেনস্তা সহ একাধিক মামলা দায়ের করেছে পুলিস। তবে নির্যাতিতা কোনও অভিযোগ  জানাননি। তাঁর পরিচয়ও জানা যায়নি। সোমবার এই ঘটনা নিয়ে প্রশ্নের উত্তরে পরমেশ্বর বলেন, ‘বড় শহরে এরকম ঘটনা ঘটেই থাকে। আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আজ সকালেও কমিশনারের সঙ্গে কথা বলেছি।’ একইসঙ্গে পুলিসকে নজরদারি বাড়াতে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

Advertisement

পরমেশ্বরের মন্তব্যকে ঘিরে সিদ্ধারামাইয়া সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী বিজেপি। দলীয় মুখপাত্র প্রশান্ত জির তোপ, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নারীদের উপর অপরাধ ও যৌন হেনস্তাকে স্বাভাবিক আখ্যা দিতে চাইছেন? দায়িত্ব এড়াতেই এমনটা করেছেন তিনি।’ বিজেপি বিধায়ক অশ্বথ নারায়ণের কটাক্ষ, ‘শ্লীলতাহানির এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অত্যন্ত জঘন্য। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি অসহায়। এজন্যই প্রশাসনের উপর আস্থা হারাচ্ছে মানুষ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ