Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

থাকছে না রেট, শুধু নেট ও সেটে উত্তীর্ণ হলেই পিএইচডির সুযোগ

ইউজিসি নেট, রাজ্যের সেট বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ না হলে আর পিএইচডির সুযোগ থাকছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

থাকছে না রেট, শুধু নেট ও সেটে উত্তীর্ণ হলেই পিএইচডির সুযোগ
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউজিসি নেট, রাজ্যের সেট বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গেট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ না হলে আর পিএইচডির সুযোগ থাকছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলির নেওয়া রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রেট কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সিন্ডিকেটে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এক কর্তা। তবে, কোনও বিভাগের যদি বিষয়টি নিয়ে কোনও আপত্তি থাকে, তা পর্যালোচনা করে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। সামগ্রিকভাবে পিএইচডি সংক্রান্ত এই নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। পিএইচডিতে প্রবেশের সর্বজনীন পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউজিসির ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট)। এতে উত্তীর্ণ হলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের যে কোনও প্রতিষ্ঠানে পিএইচডির দরজা খোলে। এছাড়াও রাজ্যগুলির কলেজ সার্ভিস কমিশন স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট নিয়ে থাকে। এতে উত্তীর্ণ হলে শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের অধীন বিশ্ববিদ্যালয়গুলিতেই মেলে পিএইচডির সুযোগ। এছাড়াও রয়েছে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানভিত্তিক প্রবেশিকা। আর ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডির ক্ষেত্রে সর্বজনীন পরীক্ষা গ্র্যাজুয়েট অ্যাপ্টিচিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট পরিচালনা করে থাকে ন্যাশনাল কোঅর্ডিনেশন বোর্ড। তবে, আইআইটিগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে গেলেও একমাত্র এতেই উত্তীর্ণ হতে হবে। বিভাগগুলি যে প্রবেশিকা নেয়, তা আর গ্রাহ্য হবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলির মান নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। তাছাড়া, শিক্ষক সংকটের কারণে তাঁদের উপর চাপ কমাতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ