Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়াপুর-বামুনপুকুর-১ পঞ্চায়েতে নির্বাচনের আগে যেন অদ্ভুত নীরব

ভোটের বাদ্যি বাজছে চারিদিকে। অথচ, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র মায়াপুরের দেওয়ালে নেই কাস্তে হাতুড়ি ছাপ, নেই পদ্মও

মায়াপুর-বামুনপুকুর-১ পঞ্চায়েতে নির্বাচনের আগে যেন অদ্ভুত নীরব
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ভোটের বাদ্যি বাজছে চারিদিকে। অথচ, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র মায়াপুরের দেওয়ালে নেই কাস্তে হাতুড়ি ছাপ, নেই পদ্মও। দু’- একটি দেওয়ালে অপরিণত হাতে আঁকা ঘাসফুল ফুটেছে। ভোট উৎসবের মাঝে এমন নীরবতা কীসের ইঙ্গিত দিচ্ছে সিপিএম পরিচালিত মায়াপুর-বামুনপুকুর এক নম্বর পঞ্চায়েত। মায়াপুর ইসকনের গ্ল্যামারকে পাশ কাটিয়ে কিছুদূর গেলে বামুনপুকুর বাজার। সকালে বেচাকেনার ব্যস্ততা। তার ফাঁকেই কথা হচ্ছিল বামুনপুকুরের প্রবীণ বাসিন্দা তাপস পালের সঙ্গে। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভাই এখানে কেউই সেভাবে মুখ খুলছে না। ভোট হবে চুপিচুপি। তবে আপনি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছেন, বছর কয়েক আগেও খুব একটা ভালো ছিল না। এখন ভালো হয়েছে। দামি বৈদ্যুতিক আলো এসেছে। তবে সরকারি চাকরির ব্যবস্থা হলে ভালো হয়। 

Advertisement

মায়াপুর-বামুনপুকুর এক নম্বর পঞ্চায়েতটি ক্ষমতায় সিপিএমকে বাঁচিয়ে রেখেছে রাজ্যে সবুজ ঝড়ের মধ্যেও। তবে গত লোকসভা ভোটে যখন তৃণমূল এই পঞ্চায়েত এলাকায় ৪২৩০ ভোটে লিড পেয়েছিল, সে সময় রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল সিপিএমের ভোট ব্যাংকের একটা অংশ তৃণমূলের দিকে ঝুঁকেছে। এবার সেই ভোট যার ঝুলিতে যাবে তারই ভাগ্য খুলবে এবারের নবদ্বীপ বিধানসভায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই মনে করছেন। 
এই গ্রাম পঞ্চায়েত সংখ্যালঘু অধ্যুষিত। এসআইআরে এই এলাকা থেকে পাঁচশোর বেশি নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। নাম বাতিলের নেপথ্যে বিজেপির কারসাজি রয়েছে বলে অভিযোগ। ফলে বিজেপি এই পঞ্চায়েতে খানিকটা চাপে বলে মনে করা হচ্ছে। যদিও মায়াপুর-বামুনপুকুর এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা বিজেপির রাজ্য কমিটির কার্যকরী সদস্য গৌতম পাল বলছেন, আমাদের দলের ফলাফল এই পঞ্চায়েতে আগের তুলনায় ভালো হবে। এই পঞ্চায়েতে মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে।
চাঁদ কাজির সমাধিকে বাম দিকে রেখে সোজা এগলেই পড়বে জাঙ্গাল মোড়। সে রাস্তা দিয়ে সবুজ সাথী সাইকেল নিয়ে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণির দুই স্কুল পড়ুয়া, চরকাষ্ঠশালী নতুন গ্রামের নাজেস আফরেজা ও গঞ্জডাঙার নিরুপমা ঘোষ। ওরা জানায়, কয়েক বছর আগেও আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় লাগত। এখন পথবাতি বসেছে। ফলে সন্ধের সময় আমাদের বাড়ি ফিরতে অসুবিধা হয় না। বামুনপুকুর বাজারের বাসিন্দা ব্যবসায়ী রবিশংকর পাল বলেন, বামুনপুকুর অঞ্চলে রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে। মূলত এই উন্নয়নকে হাতিয়ার করে ভোট মার্জিন বাড়ানোর আশা করছে তৃণমূল। এখনকার তৃণমূলের নবদ্বীপ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মিন্টু মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ফলস্বরূপ এই পঞ্চায়েত থেকে তৃণমূল প্রার্থীকে বিধানসভায় আমরা এবার ৬০০০ ভোটে লিড দেব। এসআইআরে যাঁদের নাম বাদ গিয়েছে আমরা তাঁদের অফলাইন, অনলাইন দুভাবেই সহযোগিতা করছি। এই পঞ্চায়েতের বাসিন্দা সিপিএমের নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক আয়েব নবি শেখ বললেন, পঞ্চায়েতে আমরা মানুষকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তার সুফল এই নির্বাচনে পাব। আমাদের যেসব ভোট ভাগাভাগি হয়ে গিয়েছিল, তা ফিরবে এবার।  মায়াপুর-বামুনপুকুরে চাঁদস কাজির সমাধিক্ষেত্র। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ