Bartaman Logo
৯ জুন, ২০২৬

আধাসেনায় শূন্যপদ লক্ষাধিক, ডেরেকের প্রশ্নে জানাল কেন্দ্রই

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে খালি পড়ে আছে লক্ষাধিক পদ। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়ানের এক প্রশ্নের উত্তরে সংসদে লিখিতভাবে জানাল কেন্দ্র।

আধাসেনায় শূন্যপদ লক্ষাধিক, ডেরেকের প্রশ্নে জানাল কেন্দ্রই
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে খালি পড়ে আছে লক্ষাধিক পদ। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়ানের এক প্রশ্নের উত্তরে সংসদে লিখিতভাবে জানাল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবির মতো আধা সামরিক বাহিনীতে মোট অনুমোদিত পদ ১০ লক্ষ ৬৭ হাজার ১১০। তার মধ্যে খালি পড়ে রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮৬৮। সবচেয়ে বেশি শূন্যপদ সিআরপিএফে। ৩৪ হাজার ৮৬৯ টি পদ শূন্য।

Advertisement

যদিও পহেলগাঁও জঙ্গি হামলা রোখার ব্যর্থতার পর নিয়োগ ইস্যুতে কেন্দ্র নড়েচড়ে বসেছে বলেই বিরোধীদের দাবি। সরকার জানিয়েছে, ৭২ হাজার ৬৮৯ পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে সরকারের জবাব অনুযায়ী, ২০২২ থেকে তিন বছর আধা সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা যা ছিল তার চেয়ে ২০২৫ সালে বেড়েছে অনেক বেশি। অর্থাৎ সরকার নিয়োগ করেনি। তথ্য বলছে, ২০২২ সালে শূন্যপদ ছিল ৬৮ হাজার ৬৭৪। পরের বছর বেড়ে হয়েছিল ৮৪ হাজার ৩৭৪। ২০২৪ সালে কমে হয় ৬৪ হাজার ৮৯৭। কিন্তু চলতি বছরে তা বেড়ে হয়েছে এক লক্ষেরও বেশি। 
অন্যদিকে, অন্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে কত নিয়োগ হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেছিলেন উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন ছিল, সরকারের ৭৮ মন্ত্রকে ৯ লক্ষ ৭৯ হাজার পদ খালি পড়ে আছে বলেই খবর। এটা কি সত্যি? তাহলে বছরে দু কোটি চাকরিরই বা কী হল? জবাবে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দর সিং জানিয়েছেন, বর্তমান হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি চাকরিতে পদের সংখ্যা ৪০ লক্ষ ৩৫ হাজার ২০৩। সময় সময় অবসর, পদোন্নতির ফলে পদ খালি হয়। পূরণও হয়। এটা লাগাতার প্রক্রিয়া। যদিও কোন মন্ত্রকে কত পদ খালি, তার কোনও স্পষ্ট জবাব না দিয়ে সরকারি ওয়েবসাইটের নাম বলেছেন মন্ত্রী। জানিয়েছেন, ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বার্ষিক রিপোর্টে দেখে নিন। 

সম্পর্কিত সংবাদ