পুজোর মুখে রেলের স্টেশন মাস্টারের বাড়িতে চুরি। সিঁড়ির ঘরের দরজার তালা ভেঙে ঢুকে আলমারির লকার কেটে টাকা-পয়সা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকাল, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর কলোনি এলাকায়। চুরির ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনের মাস্টার সুব্রত মণ্ডলের বাড়িতে। তিনি বলেন, বুধবার আমার নাইট ডিউটি ছিল। বাড়িতে বাবা, মা ও স্ত্রী ছিলেন। বাড়ির সামনের দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু পিছন দিক থেকে সিঁড়ির ঘরের দরজা ভেঙে ঢোকে চোর। যে ঘর থেকে চুরি গিয়েছে, সেখানে রাতে কেউ থাকেন না। সেই কারণে ঘরটি খোলা থাকে। ওই ঘরের আলমারির লকার ভেঙে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ওই আলমারিতেই অন্য লকারে সোনার গয়না ছিল। সেটি অবশ্য ভাঙতে পারেনি তারা। স্টেশন মাস্টারের দাবি, রাতে ঘটনাটি তাঁর পরিবারের কেউ টের পাননি। সকালে পরিবারের সদস্যরা প্রথম দেখেন, আলমারি খোলা। কাছে গিয়ে দেখেন, লকারও ভাঙা। এরপরই আমি ডিউটি সেরে বাড়িতে এসে বুঝতে পারি, চুরি হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি।


