নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন এলেন-দেখলেন-জয় করলেন! ৩০ বছর পর আবার তিনি এজলাসে। তাও আবার দেশের সর্বোচ্চ আদালতে। ৪৪ বছর আগে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইন পাশ করা ছাত্রীকে নিয়ে মঙ্গলবার থেকেই আলোচনার পারদ চড়ছিল। বুধবার সকাল ১০টার কিছু আগে তিনি পা রাখেন সুপ্রিম কোর্ট চত্বরে। পরনে সবুজ সরু পাড়ের সাদা শাড়ি, সাদা সোয়েটারের সঙ্গে গলায় কালো মাফলার আর পায়ে চিরপরিচিত হাওয়াই চটি। তখনই বোঝা যাচ্ছিল গোটা দেশ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে যাচ্ছে। দেশের প্রধান বিচারপতির এজলাসে তিল ধারণের জায়গা ছিল না। বেলা গড়াতেই যখন আইনজীবীদের ভিড় থেকে ভেসে এল তাঁর গলা, ‘মাই লর্ড...!’ সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ‘সওয়াল’ করলেন সুপ্রিম কোর্টে। তাও আবার নিজেরই দায়ের করা মামলায়। আর সে কাজ তিনি এত দক্ষতার সঙ্গে করলেন যে, স্বয়ং প্রধান বিচারপতিকে পর্যন্ত হালকা চালে বলতে হল, ‘মিস্টার সিবাল (রাজ্যের আইনজীবী কপিল সিবাল), আজ আপনার রেস্ট নেওয়া উচিত!’



