Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ নবদ্বীপে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর তিরোভাব তিথি উৎসব শুরু

বুধবার থেকে নবদ্বীপে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর ১৩৩তম তিরোভাব তিথি উৎসব শুরু হচ্ছে।

আজ নবদ্বীপে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর তিরোভাব তিথি উৎসব শুরু
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বুধবার থেকে নবদ্বীপে প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর ১৩৩তম তিরোভাব তিথি উৎসব শুরু হচ্ছে। নবদ্বীপের বৌবাজারে বড় পাঠকবাড়ির শ্রীশ্রী চিন্তামণি কুঞ্জে মাঙ্গলিক অধিবাসের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হবে। উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে ১০দিনব্যাপী ভাগবতপাঠ, লীলাকীর্তন, ভক্তিগীতি, রামায়ণ গান, ভক্তিমূলক নৃত্য, নৃত্যনাট্য প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান হবে। এছাড়া রক্তদান শিবির, দুঃস্থদের ফল বিলিও করা হবে। প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি মহাপ্রভুর পার্ষদ গদাধর পরিবারভুক্ত চিন্তামণি গোস্বামীর পুত্র ছিলেন। মহাপ্রভুর পরবর্তীকালে তিনি সাধারণ মানুষের মধ্যে জাতপাতের ঊর্ধ্বে প্রেম ধর্মের প্রচার করেছিলেন। এখনও চিন্তামণি কুঞ্জে সেই কীর্তনের ধারা বজায় রয়েছে। এই উৎসব উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা আসেন।

Advertisement

শিলিগুড়ির বাসিন্দা বিভূতি সিংহরায় বলেন, এই উৎসবের টানে গুরুবাড়িতে ছুটে এসেছি। লীলাকীর্তন, ভাগবতপাঠ, ভক্তিগীতি শুনে কীভাবে উৎসবের কটা দিন তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারি না।
৪০বছর ধরে এই উৎসবে কীর্তন পরিবেশন করে আসছেন পলাশ সরকার। তিনি বলেন, ছোটবেলা থেকে গুরুমার সঙ্গে এই বাড়িতে আসছি। বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন প্রচারে এই বাড়ির একটা বিশেষ ভূমিকা রয়েছে। এই বাড়ির পূর্বাচার্য হরিদাস চক্রবর্তী পদাবলী কীর্তনের আসল রূপ-মহাজনী কীর্তনকে প্রাধান্য দিতেন। কীর্তনশিল্পী নন্দকিশোর দাস, হরিদাস কর, রাধারমণ কর্মকার এই বাড়ির প্রসিদ্ধ গায়ক ছিলেন।
বড় পাঠকবাড়ির চিন্তামণি কুঞ্জের  বর্তমান সেবাইত কৃষ্ণেন্দু চক্রবর্তী গোস্বামী বলেন, আমরা গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির অঙ্গ লীলাকীর্তন ও ভাগবতপাঠের সাংস্কৃতিক ধারা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ