Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা হবে কংক্রিট ব্লকের, স্বস্তিতে আরামবাগবাসী

আরামবাগ শহরের গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা তৈরি হবে কংক্রিট ব্লক দিয়ে।

গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা হবে কংক্রিট ব্লকের, স্বস্তিতে আরামবাগবাসী
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরের গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা তৈরি হবে কংক্রিট ব্লক দিয়ে। এর জন্য প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই পূর্তদপ্তর দরপত্র ডেকেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। তার জেরে স্বস্তি মিলেছে আরামবাগবাসীর। গৌরহাটি মোড় থেকে প্রায় ৭০০মিটার রাস্তা নির্মাণের কাজ হবে। পূর্তদপ্তরের আরামবাগ মহকুমার এক ইঞ্জিনিয়ার বলেন, মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে এগোনো হচ্ছে। আপাতত প্রকল্পের দরপত্র ডাকা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ-চাঁপাডাঙা ফোর লেনে গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর রাস্তা বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। চাঁপাডাঙাগামী লেনটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গিয়েছে। সড়ক পথে মুখ্যমন্ত্রীর সফরের সময় রাস্তার ওই অংশগুলি মেরামত করা হলেও দু’দিনের মধ্যে ফের বেহাল হয়ে যায়। তাতেই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায়। এমনকী, বর্তমানে কয়েকমাস ধরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা রাস্তার ‘ধুলোঝড়ে’ অতিষ্ঠ হয়ে ওঠেন। তাই রাস্তা সংস্কার ও জল দেওয়ার দাবিতে আরামবাগ-চাঁপাডাঙা লেন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
বাসিন্দাদের অভিযোগ, ধুলোর কারণে বাড়ির জানালা খোলা যাচ্ছিল না। দোকানগুলিতেও নানা সামগ্রীতে ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছিল। নিয়মিত রাস্তায় জল না দেওয়ায় দুর্ভোগ আরও চরমে ওঠে। অবশেষে বাসিন্দাদের বিক্ষোভের জেরে পূর্তদপ্তর ও আরামবাগ পুরসভা রাস্তায় জল ছড়ানোর ব্যবস্থা করে। তাতে কিছুটা স্বস্তি মিলেছে। পূর্তদপ্তর সূত্রে খবর, আরামবাগের জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। ইতিমধ্যেই সেই অংশ সম্প্রসারণের কাজও শুরু করেছে পূর্তদপ্তর। রাস্তার ওই অংশ ফোর লেন না হলেও দু’পাশ থেকে সম্প্রসারণ করা হবে। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, বৃষ্টির জন্য রাস্তার কাজ শুরু করা যায়নি। তার সঙ্গে জল পড়ে রাস্তাটিও বেহাল হয়। তবে, বর্তমানে টেন্ডার হয়ে গিয়েছে। আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আরামবাগ চাঁপাডাঙা ফোর লেনের কাজ শেষ হয়ে যাবে। বাসিন্দারা বলেন, আরামবাগ চাঁপাডাঙা রাস্তাই শহরের প্রধান সড়ক। সেটি ব্যবহার করেই শহরের বিভিন্ন প্রান্তে যেতে হয়। ফলে রাস্তায় নিত্যদিন যানবাহনের চাপও থাকে। সেই রাস্তারই অংশ বেহাল থাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে। তাই এনিয়ে পূর্তদপ্তরের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ