নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই অবস্থায় পেশাগত দাবি আদায়ে সরকারের উপর নাগাড়ে চাপ বাড়িয়ে চলেছে পার্শ্বশিক্ষকদের একাংশ। ২১, ২২, ২৪ এবং ২৫ এপ্রিল পুরোপুরি কর্মবিরতির ডাক দিয়েছে ‘পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ’ নামে সংগঠনটি। এর আগে বেতনবৃদ্ধির দাবিতে ৭-৯ এপ্রিল কর্মবিরতি ডেকেছিল তারা। সরকারের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে ফের কর্মবিরতি করছে তারা। সংগঠনের নেতা ভগীরথ ঘোষ বলেন, ‘শিক্ষকরা কাজে যোগ দিচ্ছেন না। সব দায়িত্বই পার্শ্বশিক্ষকদের উপরে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘নদীয়ার চাপড়ায় দুধকোলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে সহশিক্ষক গ্রেপ্তার হয়েছেন। প্রধান শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে। এই অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে মিড ডে মিল পর্যন্ত চালাতে হচ্ছে পার্শ্বশিক্ষকদের। কর্মবিরতির দিনগুলিতে অন্য বহু স্কুলের মতো এটিও বন্ধ থাকবে। এবার যদি সরকারের হুঁশ ফেরে।’ তবে তৃণমূলের পার্শ্বশিক্ষক সংগঠনের নেতা রোমিউল ইসলাম সেখ বলেন, ‘আমরা সরকারের পাশেই রয়েছি। কোনও সংগঠনের হাতেগোনা কয়েকজন কর্মবিরতি করলে তার কোনও প্রভাব পড়বে না। এর আগেও পড়েনি। তবে বেতনবৃদ্ধির দাবি আমাদেরও রয়েছে।’



