নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিম্নমানের ওষুধের সংখ্যা দিনদিন বাড়ছে। সংসদে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)র এক প্রশ্নের উত্তরে এমনটাই জানাল কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল শুক্রবার লিখিত জবাবে জানান, সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) সময় সময় নিম্নমান তথা জাল ওষুধ ধরে। সেখানেই দেখা যাচ্ছে, ওষুধের যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে ২ হাজার ৬৫২টি ওষুধ নিম্নমানের বলে চিহ্নিত হয়েছিল। ২০২৪-২৫ সালে তা হয়েছে ৩ হাজার ১০৪। একইভাবে জাল ওষুধও ধরা পড়েছে। তবে সেটি ক্রমশ কমছে। উল্লেখিত দুই অর্থবর্ষে যার সংখ্যা যথাক্রমে ২৬৩ এবং ২৪৫।
অন্যদিকে, দিল্লিতে বাঙালি হেনস্তার ইস্যুতে জুন মালিয়ার এক প্রশ্নের উত্তরে নগরোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তোখান সাহু লিখিতভাবে জানিয়েছেন, বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনিতে কোনও উচ্ছেদ হচ্ছে না। কাউকে উচ্ছেদ করা হচ্ছে এমন কোনও রিপোর্ট আমাদের কাছে নেই। তবে গত ১৪ মে আদালতের এক নির্দেশে গত ৮ জুলাই ওই এলাকার দুটি বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। পানীয় জল সরবরাহ বন্ধের কোনও অভিযোগ কেন্দ্রের কাছে নেই জানিয়ে মন্ত্রী বলেছেন, সময় সময় জবরদখল উচ্ছেদ করা হয় ঠিকই। তবে জয়হিন্দ কলোনিতে এরকম কোনও খবর নেই।
এদিকে, তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, ঠিক কতজন ভারতীয় বেআইনিভাবে আমেরিকা বা ব্রিটেনে গিয়েছেন, তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। সেটা ওই দুই নির্দিষ্ট দেশই বলতে পারবে। এটুকু বলতে পারি, বেআইনিভাবে সেদেশে চলে যাওয়ার জন্য (২০২০-২৫) সালের মধ্যে আমেরিকা থেকে ৫ হাজার ৫৪১ জনকে ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত আমেরিকা ১ হাজার ৭০৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। একইভাবে ব্রিটেন ২০২০ সাল থেকে ৪৪২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে।