নিম্নচাপটি শহর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দিয়ে ধীরে ধীরে সরে গিয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন ছত্তিশগড়ের দিকে। তবে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শহরে ১৭.২ মিমি বৃষ্টি হয়েছে।



