Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নায়ার দর্শনে পথ চলা শুরু নাইট ব্রিগেডের, যুদ্ধের জেরে কলকাতায় পৌঁছাতে দেরি নারিন, পাওয়েলদের

শঙ্খধ্বনি, করতালি এবং পরিচিতি পর্ব দিয়ে শুরু হল কলকাতা নাইট রাইডার্সের নতুন আইপিএল মরশুম। চন্দ্রকান্ত পণ্ডিতের সময় প্রথম প্র্যাকটিসের আগে হতো উইকেট পুজো, নারকেল ফাটিয়ে সমবেত প্রার্থনা।

নায়ার দর্শনে পথ চলা শুরু নাইট ব্রিগেডের, যুদ্ধের জেরে কলকাতায় পৌঁছাতে দেরি নারিন, পাওয়েলদের
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শঙ্খধ্বনি, করতালি এবং পরিচিতি পর্ব দিয়ে শুরু হল কলকাতা নাইট রাইডার্সের নতুন আইপিএল মরশুম। চন্দ্রকান্ত পণ্ডিতের সময় প্রথম প্র্যাকটিসের আগে হতো উইকেট পুজো, নারকেল ফাটিয়ে সমবেত প্রার্থনা। তবে কোচ বদলের সঙ্গে নাইটদের দর্শনও বদলেছে। শুধু ঈশ্বর ভরসা নয়, মাঠে মেলে ধরতে হবে লড়াকু স্পিরিট— এই মন্ত্রই ছেলেদের মনে গেঁথে দিতে চাইলেন নবনিযুক্ত হেড কোচ অভিষেক নায়ার। হাইপ্রোফাইল না হলেও ম্যাচ রিডিং এবং প্রখর বুদ্ধির জন্য ক্রিকেট সার্কিটে তাঁর সমাদর রয়েছে। তাঁর কোচিংয়ে অনেক তারকাই খাদের কিনারা থেকে ফিরেছেন সাফল্যের রাজপথে। সেই কারণেই এবার তিনি গুরুদায়িত্বে।

Advertisement

গতবছর নাইটদের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না। তাই এবার নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচীন রবীন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে ২৫ কোটি ২০ লক্ষ টাকায়। অন্তর্ভুক্তি ঘটেছে বেশকিছু তরুণ মুখের। বিশেষ করে সার্থক রঞ্জনকে নিয়ে চর্চা তুঙ্গে। বিহারের রাজনৈতিক নেতা পাপ্পু যাদবের ছেলের অলরাউন্ড পারফরম্যান্স ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলেছে। মিস্ট্রি স্পিনার দক্ষ কামরাও কৌতূহলের কেন্দ্রে। পাশাপাশি প্রশান্ত সোলাঙ্কি, তেজস্বী দাহিয়াও নেট সেশনে নজর কাড়লেন।
বুধবার সন্ধ্যায় কেকেআরের প্রথম অনুশীলনে বিদেশি বলতে শুধু চোখে পড়ল জিম্বাবোয়ের মুজারাবানিকে। মুস্তাফিজুরের পরিবর্তে সুযোগ পান তিনি। বৃহস্পতিবার আসবেন অ্যালেন, সেইফার্টরা। পরের দিন দলে যোগ দেবেন ক্যামেরন গ্রিন। তবে সুনীল নারিন, রভম্যান পাওয়েল ও মেন্টর আন্দ্রে রাসেলের দিনক্ষণ নিয়ে অনিশ্চিয়তা স্পষ্ট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ক্যারিবিয়ান মুলুক থেকে আসতে গিয়ে অনেক ঝক্কি সামলাতে হচ্ছে তাঁদের। দুবাই হয়ে ভারতে আসার বিমান পরিষেবা বন্ধ। তাই ইউরোপের কোনো শহর থেকে ট্রানজিটে তাঁদের আনার চেষ্টা চলছে। কিন্তু ট্রানজিট ভিসা না থাকায় সমস্যায় নারিন, রভম্যানরা। সূত্রের খবর, তাঁদের পৌঁছাতে ২৪ মার্চ হতে পারে। পরের দিন মুম্বই উড়ে যাবে কেকেআর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে শাহরুখ খানের দল। সেই ম্যাচে নারিনদের খেলা নিয়ে সংশয় রয়েছে।
এমনিতেই নাইট শিবিরকে চিন্তায় রেখেছে চোট সমস্যা। হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। তাঁর বিকল্পের খোঁজ চলছে। বুধবার বিকেলে ইডেনে কেকেআরের স্কাউট মনবিন্দর বিসলা ও বিজু জর্জের সামনে পরীক্ষা দিলেন সন্দীপ ওয়ারিয়র, কেএম আসিফ। সিদ্ধান্ত এখনও হয়নি। এদিকে, পাথিরানা চোট সারিয়ে কবে মাঠে নামবেন স্পষ্ট নয়। তাই রোহিত-সূর্যদের বিরুদ্ধে পেস আক্রমণের খামতি পূরণই নাইটদের বড় চ্যালেঞ্জ।
অনেক পরিবর্তনই চোখে পড়ল নাইট শিবিরে। বদলেছে প্র্যাকটিস জার্সি। হাল্কা বেগুনি রংয়ের জার্সি পরে গা ঘামালেন রাহানেরা। ম্যাচ জার্সির রংও বদলাচ্ছে। তাতে কিং খানের দলের ভাগ্য বদলায় কিনা, সেটাই দেখার!

Advertisement
সম্পর্কিত সংবাদ