নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখনও স্নাতকে ভর্তির পোর্টালে আবেদন না করা ছাত্রছাত্রীদের এসএমএস পাঠিয়ে বিষয়টি মনে করাতে শুরু করেছে উচ্চ শিক্ষাদপ্তর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীর কাছেই এই বার্তা যাচ্ছে। তাতে বলা হচ্ছে, ১ জুলাইয়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। একেবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করেই ছাত্রছাত্রীদের কাছে এসএমএস পাঠাচ্ছে উচ্চ শিক্ষাদপ্তর। এর পাশাপাশি পোর্টাল সম্পর্কিত নানা কার্টুন ভিডিও, ফ্লায়ার প্রভৃতি দিয়েও প্রচার চলছে সরকারি বিভিন্ন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে। বুধবার বিকেল পর্যন্ত ২ লক্ষ ৬৫ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী পোর্টালে আবেদন করেছেন। মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৭০ হাজার ৭১৩।



