সংবাদদাতা, বনগাঁ: ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এখনও বনগাঁর একাধিক রাস্তা খানাখন্দে ভরা। রাস্তায় ছোটো-বড়ো গর্ত পেরিয়ে চলতে গিয়ে হোঁচট খাচ্ছে মানুষ। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েও একই সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ১০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তা মেরামত করতে হবে। পুরসভাগুলিতে পৌঁছেছিল সেই নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বনগাঁ পুরসভা এলাকায় একাধিক রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। সাময়িকভাবে জোড়াতাপ্পি মেরে রাস্তাকে চলাচলের উপযোগী করে তোলা হয় কিছু ক্ষেত্রে। কিন্তু মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও শহরের একাধিক রাস্তার এখনও বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় ম্যানহোলের ঢাকনা ভেঙে বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে। এদিকে, প্রতিপদ থেকেই দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে বনগাঁয়। রাস্তায় বেরিয়ে হোঁচট খেতে হচ্ছে তাঁদের। মণ্ডপে মণ্ডপে ঠাকুর আনতেও সমস্যায় পড়তে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। যদিও এ বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘শহরের প্রায় ৮০ শতাংশ রাস্তা মেরামতি হয়েছে। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কিছু রাস্তায় টেন্ডারের সমস্যার কারণে কাজ করা যায়নি। দ্রুত কাজ শুরু হবে।’ নিজস্ব চিত্র



