নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিলারে ফাটল। তাই হেলে গিয়েছে প্ল্যাটফর্মের একাংশ। কিছুটা বসে গিয়েছে গোটা কবি সুভাষ মেট্রো স্টেশনটাই। এই অবস্থায় এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে চূড়ান্ত ঝুঁকির যাত্রায় বাধ্য হচ্ছেন। আগেই এই খবর প্রকাশিত হয়েছিল ‘বর্তমান’-এ। অভিযোগ, তারপরও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। সেই ফাটল ক্রমশ চওড়া হতে হতে এখন এমন অবস্থা হয়েছে যে, সোমবার থেকে বন্ধই করে দিতে হল কবি সুভাষ মেট্রো স্টেশন। সূত্রের দাবি, অনির্দিষ্টকালের জন্য এই স্টেশন দিয়ে যাত্রীবোঝাই মেট্রোর রেক চলাচল করতে পারবে না। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটেই আপাতত মিলবে পরিষেবা। তবে কবি সুভাষ থেকে রুবি মোড় মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সেই মতো এদিনই কবি সুভাষ স্টেশনের অর্ধেকের বেশি কর্মী-অফিসারকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। মেট্রো ভবনের এক কর্তার কথায়, ‘ভিন রাজ্যের একাধিক সংস্থা পরিষেবা সাময়িক বন্ধ রেখে পিলার মেরামতি ও অন্যান্য সংস্কারের পরামর্শ দিয়েছিল। কিন্তু অজানা কোনও কারণে সেই কাজ করতে দেওয়া হয়নি। উল্টে সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পর কীভাবে তা বাইরে এল, তা নিয়েই তদন্ত হয়েছে। যাত্রীদের প্রাণের ঝুঁকির বিষয়টি নিয়ে কারও মাথাব্যথা নেই।’



