Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশনের নজরে ৫০ থেকে ৮০ বয়সিদের নতুন ভোটার হওয়ার গুচ্ছ গুচ্ছ আবেদন!

কারও বয়স ৫০! কেউ সদ্য ৬০ পেরিয়েছেন।  কেউ আবার ৮০ বছর পেরিয়েছেন। এমন বয়সে প্রথমবার ভোটার হওয়ার আগ্রহ এবং তারজন্য গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়েছে রাজ্যে।

কমিশনের নজরে ৫০ থেকে ৮০ বয়সিদের নতুন ভোটার হওয়ার গুচ্ছ গুচ্ছ আবেদন!
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারও বয়স ৫০! কেউ সদ্য ৬০ পেরিয়েছেন।  কেউ আবার ৮০ বছর পেরিয়েছেন। এমন বয়সে প্রথমবার ভোটার হওয়ার আগ্রহ এবং তারজন্য গুচ্ছ গুচ্ছ আবেদন জমা পড়েছে রাজ্যে। যা দেখে রীতিমত বিস্মিত নির্বাচন কমিশন। ১৮’য় পা দিলেই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যায়। কিন্তু এত বেশি বয়সে প্রথম বার ভোটার হওয়ার আবেদনের সংখ্যাই ভাবাচ্ছে কমিশনকে। যে কারণে এবার প্রতিটি জেলাকে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে তারা। 

Advertisement

সূত্রের খবর, প্রতিটি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এই মনিটরিং কমিটি কাজ করবে। মূলত ৫০ বছর বয়স থেকে ৮০ বছর বয়স্কদের প্রথমবার ভোটার হওয়ার যেসব আবেদন জমা পড়েছে, সেগুলি পুঙ্খানুপুঙ্খ যাচাই করবে এই কমিটি। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির কোনও আত্মীয় স্বজনের নাম আগে থেকে ভোটার তালিকায় রয়েছে কি না বা তিনি কোন পরিবার ভুক্ত, তা যাচাই করা হবে। এছাড়াও ভোটার হওয়ার আবেদন পত্রের সঙ্গে জমা দেওয়া নথিও যাচাই করবে কমিটি। তারপরই এই ধরনের ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে খবর। ইতিমধ্যেই জেলাগুলিকে এব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। কমিশনের এক আধিকারিকের কথায়, ১৮ পেরোনোর পর যে কোনও বয়সে ভোটার হওয়ার আবেদন করা যায়। তবে এই প্রবণতা নতুন। যে কারণে সতর্কতা বজায় রাখতেই এই পদক্ষেপ। 
এদিকে, এখনও পর্যন্ত যে সমস্ত বিধানসভা এলাকার ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশিত করা যায়নি, তা অবিলম্বে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়াও এখনও পর্যন্ত যেসব জায়গায় বুথ লেভেল অফিসার নিয়োগ করার কাজ শেষ হয়নি, তা যেন অতি শীঘ্রই শেষ করা হয় সেই বার্তাও দেওয়া হয়েছে জেলাগুলিকে। 
অন্যদিকে, বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ সংক্রান্ত কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর চালুর পদক্ষেপ হিসেবে রাজনৈতিক দলগুলির কাছ থেকে বিএলএ’দের তথ্য তলব করেছে কমিশন। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তৃণমূলের তরফে আইনজীবী দাবি করেন, ভোটের বাকি এক বছর। এত আগে বিএলএ-দের তথ্য চাওয়ার এক্তিয়ার কমিশনের নেই। মামলার দ্রুত শুনানির আবেদন জানান হয়। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন বিচারপতি সিনহা।

Advertisement
সম্পর্কিত সংবাদ