সংবাদদাতা, বারুইপুর: আজ, শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হবে সূর্যপুর ফাঁড়ির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন উদ্বোধন করবেন এই নয়া ভবনের। বারুইপুর কাণ্ডের পর সূর্যপুর ফাঁড়ির দাবি জানিয়েছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা। তাঁর কথা মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুর পুলিশ জেলার তৎপরতায় একেবারে সূর্যপুর হাটে একটি ভাড়া বাড়িতে চালু করা হবে এই ফাঁড়ি। সেখানে ৫-৬ জন অফিসার, আনুমানিক ১০ জন কনস্টেবল এবং মহিলা পুলিশ কর্মী থাকবেন। থাকবে এলাকায় নজরদারির ব্যবস্থা। ফাঁড়ির আওতায় থাকা সব জায়গায় সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়েছে। তার মাধ্যমে ফাঁড়ি থেকে সর্বক্ষণ নজরদারি চালাবেন পুলিশ অফিসাররা। সূর্যপুর পুলিশ ক্যাম্পের মতো ফাঁড়ির ভূমিকা নিয়ে যাতে মানুষের মধ্যে প্রশ্ন না ওঠে, তার জন্য কর্তব্যরত পুলিশ কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। অভিযোগ পাওয়ামাত্র যাতে পদক্ষেপ করা হয়, তা স্পষ্ট ভাষায় পুলিশ অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে।



