বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদি সরকার। প্রথমবার নাম নথিভুক্তি বা এনরোলমেন্টের জন্য কোনও খরচ না লাগলেও ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশ। আর তা দেশজুড়ে কার্যকর হচ্ছে আগামী ১ অক্টোবর থেকেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা। সেই অনুযায়ী বায়োমেট্রিক, অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ দাঁড়াচ্ছে ১২৫ টাকা। তবে পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, সেটা বিনামূল্যেই হবে। অন্যদিকে ১৫ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই বয়সসীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে ১২৫ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। যদিও আধার কর্তৃপক্ষ জানিয়েছে, সাত থেকে ১৫ বছর বয়সের মধ্যে এই আপডেশনে আপাতত কোনও খরচ নেওয়া হবে না। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ।
যদি কোনও ব্যক্তি তাঁর নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাঁকে খরচ করতে হবে ৭৫ টাকা। এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয়, তাহলেও খরচ সবক’টির জন্য ৭৫ টাকা। উদাহরণস্বরূপ কেউ যদি ঠিকানা এবং মোবাইল নম্বর—দু’টিরই একসঙ্গে পরিবর্তন করেন, সেক্ষেত্রেও তাঁকে একবার ৭৫ টাকা খরচ করতে হবে। কোনও ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাঁকে আলাদা করে কোনও খরচ বহন করতে হবে না।
আধার কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, যদি কোনও ব্যক্তি তাঁর পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে কোনও নথি জমা করতে চান, তার জন্য তিনি ‘মাই আধার’ পোর্টালে গিয়ে তা করতে পারেন। এক্ষেত্রে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও খরচ দিতে হবে না। কিন্তু যদি এই পরিষেবাটি কোনও আধার সেন্টারে গিয়ে কেউ নেন, তাহলে তার জন্য ৭৫ টাকা খরচ করতে হবে। প্রসঙ্গত, যে পরিষেবাগুলিতে ১২৫ টাকা ধার্য করা হচ্ছে, বর্তমানে তাতে ১০০ টাকা করে নেওয়া হয়। আর যে আপডেশনের খরচ বর্তমানে ৫০ টাকা রয়েছে, সেগুলিকেই বাড়িয়ে ৭৫ টাকা করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের কর্তারা বলছেন, একদিকে যেমন খরচ বাড়ানো হয়েছে, তেমনই ৭ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক আপডেশন বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে দেশজুড়ে স্কুলস্তরে বাধ্যতামূলক আধার আপডেশনে জোর দেওয়া হয়েছে। সেই কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন দপ্তরের কর্তারা।