Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেন্দ্রীয় সরকার রয়টার্স সহ কোনও সংস্থার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয়নি, এক্সের দাবি উড়িয়ে জানাল নয়াদিল্লি

আচমকাই দেখা যায় এক্স হ্যান্ডলে বন্ধ হয়ে গিয়েছে সংবাদসংস্থা রয়টার্সের পেজ

কেন্দ্রীয় সরকার রয়টার্স সহ কোনও সংস্থার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয়নি, এক্সের দাবি উড়িয়ে জানাল নয়াদিল্লি
  • ৮ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ৮ জুলাই: জল্পনাটি শুরু হয়েছিল দু’দিন আগে। আচমকাই দেখা যায় এক্স হ্যান্ডলে বন্ধ হয়ে গিয়েছে সংবাদসংস্থা রয়টার্সের পেজ। লেখা ফুটে উঠছিল, ‘আইনি কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে’। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জলঘোলা শুরু হতেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে সরকারি এক মুখপাত্র বিবৃতি দিয়ে সেদিন বলেছিলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট ব্লক করার ব্যাপারে ভারত সরকারের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। আমরা এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে চেষ্টা করছি।’

Advertisement

যদিও আজ, মঙ্গলবার হাটে হাড়ি ভেঙে দিয়েছে এলন মাস্কের সংস্থা। এক্সের তরফে এদিন বিবৃতি জারি করে বলা হয়েছে নয়াদিল্লিই রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ডের সহ মোট ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ভারতে বন্ধের নির্দেশ দেয়। জুলাই মাসের ৩ তারিখে সেই নির্দেশ কেন্দ্রের বিজেপি সরকারের তরফে গিয়েছে এক্সের অফিসে। ভারতের তথ্য সম্প্রচার ও ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে বলা হয়, ‘এই অ্যাকাউন্টগুলিকে এক ঘণ্টার মধ্যে বন্ধ করতেই হবে। কোনও কারণ দর্শানোর অবকাশ নেই। যতদিন না পর্যন্ত নতুন নির্দেশ দেওয়া হচ্ছে, এই অ্যাকাউন্টগুলি ব্লকই থাকবে।’ 

এক্সের দাবি, তারপরেই রয়টার্স সহ একাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তারা। এই বিষয়কে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। গোটা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত বলেও জানায় মাস্কের সংস্থা। যখন এক্স হ্যান্ডলের তরফে এই কথা বলা হচ্ছে, তখন জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকারও। আজ, মঙ্গলবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এইধরণের কোনও পদক্ষেপ করতে সরকারের তরফে বলা হয়নি। কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘কোনও নতুন নির্দেশ দেওয়া হয়নি এক্স অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে’।

পাশাপাশি তিনি এও বলেন, ‘রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্লক করার কোনও চিন্তাভাবনাই নেই।’ পাল্টা তিনি এও বলেছেন, ‘আমরা যখন জানতে পারি ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, তখনই আমাদের তরফে সেটি খুলে দেওয়ার কথা বলা হয়। কিন্তু এক্সের সেটি ঠিক করতেই ২১ ঘণ্টা সময় লেগে যায়।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ