নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির পুরানো সক্রিয় নেতাকর্মীরা মান-অভিমানে দূরে সরে গেলে তার দায় নিতে হবে রাজ্য নেতৃত্বকেই। এব্যাপারে বিজেপির কেন্দ্রীয় শিবির কোনোমতেই মাথা গলাবে না। বঙ্গ বিজেপিকে এমনই বার্তা দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবারই পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসনে দলীয় প্রার্থী হিসাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে টিকিট দিয়েছে বিজেপি। কোয়েল ইতিপূর্বে তৃণমূলের টিকিটে রাজ্যসভা ভোটে জিতেছিলেন। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের অব্যবহিত পরেই তিনি রাজ্যসভার এমপি পদ থেকে ইস্তফা দেন। এবং ওইদিনই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। সোমবার মনোনয়নও জমা দিয়েছেন কোয়েল। এর আগে তৃণমূল কংগ্রেসত্যাগী রাজ্যসভার তিনজন সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশচিক বরাইক এবং সুস্মিতা দেবও একইভাবে পদ্মশিবিরের টিকিটে ফের সংসদের উচ্চকক্ষে এমপি হয়েছেন। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, কেন পুরনো নেতাকর্মীদের বাদ দিয়ে রাজ্যসভায় একের পর এক দলবদলুকেই পাঠানো হচ্ছে, প্রধানত সেই প্রশ্ন তুলেই ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে রাজ্য বিজেপির অন্দরে। রবিবারই সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। পদ্মশিবিরে এহেন ক্ষোভের কথা কানে এসেছে দিল্লিতে দলের শীর্ষস্তরের কেন্দ্রীয় নেতৃত্বেরও। এই প্রেক্ষাপটেই দলের পুরানো অথচ সক্রিয় কর্মীদের মান-অভিমান সামলানোর দায়ভার সরাসরি রাজ্য নেতৃত্বের উপর ঠেলেছে বিজেপির কেন্দ্রীয় শিবির। নামপ্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতা পালটা বলেছেন, চূড়ান্ত অনুমোদন তো দেয় কেন্দ্রীয় নেতৃত্বই। তাই সব দায় রাজ্যের ঘাড়ে ঠেলে দেওয়া উচিত নয়।



