নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় রাজ্য ২০২ কোটি টাকা পেতে চলেছে। বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। অঙ্কটা সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ২০ হাজার কোটি। এর মাঝে কৃষিখাতেও অর্থ আটকাতে চেয়েছিল দিল্লি। তবে মোদি সরকারের এই চক্রান্ত ভেস্তে দিয়ে হকের ২০২ কোটি টাকা পেতে চলেছে বাংলা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার (আরকেভিওয়াই) অধীনে চলতি অর্থবর্ষে কেন্দ্রের থেকে ৪৪০ কোটি টাকা পাওয়ার কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথম কিস্তির ৮৬.৪০ শতাংশ টাকা খরচ করা এবং তার যথাযথ হিসেব প্রদানের কাজ শেষ করেছে রাজ্য। তা সত্ত্বেও আরকেভিওয়াই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ২২০ কোটি টাকা দেওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। একটি ভার্চুয়াল বৈঠক নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সামান্য ‘ভুল বোঝাবুঝির’ জেরেই এই টাকা আটকে রাখার চেষ্টা হয়েছিল। তবে এর জোট খুলল বৃহস্পতিবারের একটি ভার্চুয়াল বৈঠকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মন্ত্রকের আধিকারিকরা বিভিন্ন ইস্যুতে আলোচনায় বসেন। অন্যসকল রাজ্যের কৃষিমন্ত্রী ও আধিকারিকদের পাশাপাশি ছিলেন বাংলা থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কৃষিসচিব ওঙ্কার সিং মিনা।



