Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধি, মানতে নারাজ কেন্দ্র

মাত্র এক বছরের ব্যবধানেই সারা দেশে বৃদ্ধি পেল মহিলাদের বেকারত্বের হার। ২০২২-২৩ আর্থিক বছরে যা ছিল ২.৯ শতাংশ, ২০২৩-২৪ অর্থবর্ষে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩.২ শতাংশ।

মহিলাদের বেকারত্বের হার বৃদ্ধি, মানতে নারাজ কেন্দ্র
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র এক বছরের ব্যবধানেই সারা দেশে বৃদ্ধি পেল মহিলাদের বেকারত্বের হার। ২০২২-২৩ আর্থিক বছরে যা ছিল ২.৯ শতাংশ, ২০২৩-২৪ অর্থবর্ষে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩.২ শতাংশ। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানেই এই তথ্য প্রকাশিত হয়েছে। যদিও মোদি সরকার তা মানতে রাজি নয়। বরং কেন্দ্রের দাবি, সারা দেশে সার্বিকভাবে মহিলাদের বেকারত্বের হার কমেছে। আর সেই দাবি প্রমাণে তাদের হাতিয়ার ২০১৭-১৮ আর্থিক বছরের এসংক্রান্ত পরিসংখ্যান, যা ছিল ৫.৬ শতাংশ। সেখান থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে বেকারত্বের হার। শুধু তাই নয়, দেশে মহিলাদের মধ্যে সামগ্রিকভাবে কর্মসংস্থানের হারও বৃদ্ধি পেয়েছে বলেও মত শ্রমমন্ত্রকের। 

Advertisement

‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ (পিএলএফএস) মেনেই সংশ্লিষ্ট খতিয়ান প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সরকার। তাতে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ আর্থিক বছরে সারা দেশে মহিলাদের কর্মসংস্থানের হার ছিল ২২ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০.৩ শতাংশ। যদিও এক বছরের ব্যবধানে সারা দেশে মহিলাদের বেকারত্বের হার ফের বৃদ্ধি পাওয়ার কোনও ব্যাখ্যা শ্রমমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়নি! কেন্দ্রীয় সরকার জানিয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন মহিলাদের কর্মসংস্থানের হারও সারা দেশে লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৭-১৮ আর্থিক বছরের তা ছিল ৩৪.৫ শতাংশ। সেই হার ২০২৩-২৪ অর্থবর্ষে হয়েছে ৪০ শতাংশ। তবে গ্রামের তুলনায় শহরে মহিলাদের কর্মসংস্থানের হার খারাপ বলেই উল্লেখ করা হয়েছে মন্ত্রকের পরিসংখ্যানে। উল্লিখিত সময়সীমার মধ্যে দেশের গ্রামাঞ্চলে মহিলাদের কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে ৯৬ শতাংশ। কিন্তু ওই সময়ে শহরের হার মাত্র ৪৩ শতাংশ।

সম্পর্কিত সংবাদ