নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়লা খনি কর্মী ও শ্রমিকদের জন্য পেনশন, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ভাতা স্বাস্থ্য পরিষেবা বিষয়ক নানাবিধ নয়া নিয়ম আসছে। তার জন্য ১৯৪৮ সালের কয়লা খনি সংক্রান্ত আইনে বদল আনছে কয়লা মন্ত্রক। বাতিল করা হবে ‘কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট, ১৯৪৮’। এই নতুন আইন আনা হবে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে। বিলের খসড়া প্রকাশ করে দেশবাসীর কাছে এ সংক্রান্ত পরামর্শ, সুপারিশ, প্রস্তাব চেয়েছে কয়লা মন্ত্রক। এই নয়া আইনে কোন কোন নতুন রীতি ও বিধিনিয়ম অন্তর্ভুক্ত করা উচিত, সেই সম্পর্কে কয়লা খনি সম্পর্কে বিশেষজ্ঞ এবং প্রাক্তন অভিজ্ঞতাসম্পন্ন কর্মী-অফিসারদের কাছেও জানতে চেয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, ১৯৪৮ সালের আইনে কয়লা খনি কর্মীদের বেতনক্রম, বেতন সংশোধন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, সুপারিশ ও পরামর্শ প্রদানের পাশাপাশি বার্ষিক রিপোর্ট দেওয়ার জন্য যে বোর্ড অফ ট্রাস্টিজ রয়েছে, সেই ব্যবস্থা বাতিল হবে। পরিবর্তে আনা হবে কোল মাইনস এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বোর্ড। যে বোর্ডে সরকারি এবং বেসরকারি অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন। কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন। দ্রুত পরিবর্তনশীল এবং ক্রমে বেসরকারি কয়লা খনির প্রসারের আবহে আধুনিক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে কয়লা খনির কর্মীদের সুযোগ-সুবিধা ও ভাতা ক্ষেত্রে বদল আনা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই আইন বদলের পদক্ষেপ বলে জানিয়েছে মন্ত্রক।



