• মাইক্রোড্রামার প্রতি আগ্রহ বাড়ছে দর্শকের। তা মাথায় রেখেই তৈরি হয়েছে সত্তর মিনিটের সিরিজ ‘দ্য বোস নেটওয়ার্ক’। সামরিক সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের পুঙ্খানুপুঙ্খ ও গবেষণালব্ধ ইতিহাস তুলে ধরা হয়েছে সত্তর মিনিটের এই সিরিজে। স্টোরি টিভি অ্যাপে দেখা যাবে গোটা সিরিজটি। নেতাজির চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত। তাঁর কথায়, ‘বর্তমান প্রজন্মের চিন্তাভাবনা, চাহিদা, আগ্রহের সামঞ্জস্যে তৈরি করা হয়েছে সিরিজটি। ইদানিং নেতাজিকে নিয়ে সুকৌশলে বিভ্রান্তিকর তথ্য ও ইতিহাস সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে এই প্রজেক্ট গবেষণা করে তৈরি। ফলে দর্শকের ভালো লাগবে।’ চন্দ্রচূড় ঘোষের গবেষণার ভিত্তিতে নেতাজির জীবনের নানা অধ্যায় সত্তর মিনিটের সিরিজে তুলে ধরেছেন পরিচারক ললিথ মারাথে। স্টোরি বোর্ড ও এ আই প্রযুক্তি নির্ভর মাইক্রো ড্রামায় সুভাষ রূপী জয়ের লুক অনেকটাই হাতে আঁকা ছবির মতো। নিজের এই নতুন লুক নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন নেতাজি অনুরাগী অভিনেতা। বললেন, ‘নেতাজির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই দারুণ লেগেছে। নতুন মিডিয়াম তৈরি হচ্ছে। দর্শকও নতুন ভাবে ভাবছে। তৈরি হচ্ছে নব প্রজন্ম। একজন অভিনেতা হিসাবে আমাকে সকলের কাছে পৌঁছাতে হবে। মঞ্চের জয় সেনগুপ্তকে যেমন দেখতে লাগে, বড়ো ও ছোটো পর্দা কিংবা সিরিজে কি সেই লুক থাকে? এক্ষেত্রে আমার লুক হোক না এআই পলিসড, তাতে কিচ্ছু যায় আসে না। বরং এতে একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হল।’



