নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গা প্রতিমার ‘শালীনতা’ ক্ষুণ্ণ না করার আবেদন জানাল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য শ্রীমত নির্গুনানন্দ ব্রহ্মচারী শনিবার বলেন, ‘আমরা কোনোরকম বিধিনিষেধের পক্ষে নই।’ তবে ভারতীয় সনাতন শাস্ত্র অনুযায়ী সবরকমের শুচিতা মেনে দুর্গাপুজো করার আবেদন জানিয়েছেন এই ভিএইচপি নেতা। তাঁর কথায়, ‘মাতৃমূর্তি সাবেকি করতেই হবে, এমন কোনো নির্দেশ সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে মায়ের চিন্ময়ী মূর্তিকে কোনোভাবেই বিকৃত করা যাবে না।’ উদাহরণ দিয়ে গিয়ে তিনি বলেন, ‘কোনো পুজোতে মাকে বিধবার শাড়ি পরিয়ে দাঁড় করানো হয়েছে। এমন অশালীন ঘটনা অনভিপ্রেত। আমাদের শাস্ত্রে মা দশভুজা রূপে পুজিতা হন। রাজ্যের সমস্ত পুজো আয়োজকদের কাছে আমাদের আবেদন, সেই রীতি মেনেই মাতৃবন্দনা করুন।’ একইভাবে পুজোতে থিম বন্ধ কিংবা আমিষ খাওয়া যাবে না বলে ভিত্তিহীন প্রচার চলছে বলেও অভিযোগ করেন নির্গুনানন্দ ব্রহ্মচারী। তাঁর দাবি, থিম মানে শিল্প-উৎকর্ষের আদলে মণ্ডপ তৈরি হোক। কোনো সমস্যা নেই। তবে ডিম কিংবা জুতো দিয়ে তৈরি প্যান্ডেলে পুজোর শুচিতা নষ্ট হয়।



