নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি জমি হাঙর। সরকারি জমি বেসরকারি হাতে তুলে দিয়ে লুট করছে সরকার। হেরিটেজ সম্পত্তিও বেসরকারি হাতে দেওয়া হচ্ছে লিজের নামে। হরিদ্বার হোক বা ঋষিকেশ। নৈনিতাল বা ল্যান্সডাউন। উত্তরাখণ্ডে জেলায় জেলায় মোট ১ হাজার ৮০ একর জমি দখল করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে টার্গেট করে বুধবার এমনই অভিযোগ তুলল কংগ্রেস। এদিন দিল্লিতে এআইসিসির পক্ষে উত্তরাখণ্ডের ইনচার্জ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী সেলজা অভিযোগ করেন, উত্তরাখণ্ডে মোট ১৩টি জেলা। তার মধ্যে ১২টি জেলায় ৪০টি সরকারি তথা হেরিটেজ জমি, সম্পত্তি বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। মানিটাইজেশনের নামে আদতে কোনোটি ৬০, কোনোটি ৯০ বছরের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। আরটিআই থেকেই এই তথ্য মিলেছে। সেলজা বলেন, সরকারি হিসাব মতোই ৪০টি সম্পত্তির মূল্য ১০ হাজার ৩০০ কোটি টাকা। অথচ সেগুলি জলের দরে বেসরকারি হাতে একপ্রকার বেচে দেওয়া হচ্ছে।
সেলজার দাবি, হেরিটেজ বিল্ডিং অমূল্য। তাও যদি মূল্য নির্ধারণ করতে হয়, তাহলে ১৮৬৬-১৯২৮ সালের মধ্যে তৈরি হেরিটেজ বিল্ডিংয়ের দামই হবে প্রায় এক লক্ষ কোটি টাকা। কিন্তু বিজেপি সরকারের সে ব্যাপারে কোনো চক্ষুলজ্জা নেই। হেরিটেজ বিল্ডিং কীকরে বেসরকারি হাতে দিতে পারে? তাও নাম মাত্র অর্থে? সেলজার দাবি, বন্ধু ব্যবসায়ীদের হাতে সম্পত্তি তুলে দিচ্ছে বিজেপি সরকার। জঙ্গলের জমিও ছাড়ছে না। সেলজা জানান, আগামী দিনে আন্দোলন হবে। রাজ্যপালের কাছে দরবার করব। কাজ না হলে আইনি পথে আটকানোর চেষ্টা চালাব। দেবভূমি উত্তরাখণ্ডের সরকারি জমি কোনোভাবেই বেসরকারি হাতে তুলে দিতে দেব না।



