Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

এখনও হাসপাতালের ওপিডি টিকিটে বিশ্ববাংলার লোগো!

শিলিগুড়ির সরকারি হাসপাতালে এখনও ব্যবহার হচ্ছে বিশ্ববাংলার ওপিডি টিকিট। নতুন টিকিটের অভাবে স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। বিস্তারিত পড়ুন।

এখনও হাসপাতালের ওপিডি টিকিটে বিশ্ববাংলার লোগো!
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি প্রতীক হিসাবে ‘বিশ্ব বাংলা’ লোগো এবং ‘ব’ এখন অতীত। পরিবর্তে পুনরায় অশোকস্তম্ভ ব্যবহার শুরু হলেও দার্জিলিং জেলার একাধিক সরকারি হাসপাতালে এখনও বিশ্ব বাংলার ‘ব’ লোগোযুক্ত ওপিডি টিকিট ব্যবহার করা হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ জেলার বেশ কয়েকটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এমন টিকিট দেখা গিয়েছে। 

Advertisement

সরকারি নির্দেশিকা জারির পরও নতুন ওপিডি টিকিট সরবরাহ না হওয়ায় বাধ্য হয়ে পুরনো টিকিটই ব্যবহার করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। জেলার স্বাস্থ্য প্রশাসনের দাবি, নতুন টিকিট এখনও মুদ্রিত ও সরবরাহ করা সম্ভব হয়নি। 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, যাদের নতুন টিকিট সরবরাহ করার কথা, তারা এখনও তা আমাদের হাতে পৌঁছে দিতে পারেননি। চিকিৎসা পরিষেবা সচল রাখতেই বাধ্য হয়ে পুরনো টিকিট ব্যবহার করতে হচ্ছে। 
এতে জেলা স্বাস্থ্য কর্তাদের ব্যর্থতা দেখছে ওয়াকিবহাল মহল। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও নতুন টিকিট সর্বত্র সরবরাহ করতে না পারায় রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কাছে ভর্ৎসিত হতে হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।  এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিকের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, প্রশাসনিক গাফিলতিতেই নতুন টিকিট সরবরাহে বিলম্ব হচ্ছে। সেই কারণেই সরকারি নির্দেশিকা কার্যকর হতে দেরি হচ্ছে। ফলে সরকারি প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবে এখনও সম্পূর্ণভাবে কার্যকর করা সম্ভব হয়নি। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ