প্যারিস: ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ফ্রান্সের স্তেদ দ্য ফ্রসেঁতেই বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্সেনালের। তারপর কেটে গিয়েছে ১৯ বছর। এই পর্বে ইউরোপ সেরার লড়াইয়ে বারবার গানারদের মুখ থুবড়ে পড়েছে। ২০১৬-১৭ সালের পর তো যোগ্যতা অর্জন করতে ব্যর্থ লন্ডনের ক্লাবটি। তবে চলতি মরশুমে একের পর এক দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছেছে মিকেল আর্তেতা ব্রিগেড। সেমি-ফাইনালের প্রথম লেগে অবশ্য ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিএসজি’র কাছে অপ্রত্যাশিত হারের মুখ দেখে তারা। তবে বুধবার ফিরতি পর্বে পার্ক দ্য প্রিন্সেসে ফের লড়াইয়ে নামছে দু’দল। প্যারিসের বুকে জিতে দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটানোই লক্ষ্য বুকায়ো সাকাদের। পক্ষান্তরে, ঘরের মাঠে দুর্গ অক্ষত রেখে ২০২০ সালের পর ফের চ্যাম্পিয়ন্স লিগের খেতাবি লড়াইয়ে জায়গা পাকা করতে মরিয়া পিএসজি। একইসঙ্গে এই ম্যাচে নজরে থাকবেন দুই স্প্যানিশ কোচ। প্রথম লেগে মগজাস্ত্রের লড়াইয়ে টেক্কা দিয়েছিলেন এনরিকে। এবার পাল্টা দিতে তৈরি আর্তেতা।
ইউরোপ সেরার লড়াইয়ে মোট ছ’বার একে অপরের মুখোমুখি হয়েছে পিএসজি ও আর্সেনাল। প্রথম পাঁচ সাক্ষাতে গানারদের হারাতে ব্যর্থ প্যারিসের ক্লাবটি। তবে প্রথম লেগে ওসুমানে ডেম্বেলের গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় এনরিকে-ব্রিগেড। ম্যাচের চতুর্থ মিনিটে লিড নেওয়ার পর বাকি সময়টা তা ধরে রাখতে সফল হাকিমি-মার্কুইনহোসরা। তিনকাঠির নিচে একের পর এক দুরন্ত সেভে দলের পতন আটকান ডোনারুমা। ঘরের মাঠেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া তাঁরা। প্রথম লেগে জয়ের সুবাদে বুধবার ড্র করলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে পিএসজি। তবে আর্সেনালকে দু’গোলের ব্যবধানে জিততেই হবে। গানারদের পক্ষে ফল ১-০ হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে।
ইউরোপ সেরার লড়াইয়ে নামার আগে ঘরোয়া ফুটবলে দলের ফল কিছুটা হলেও কোচ এনরিকের মাথাব্যথার কারণ হতে পারে। ফরাসি লিগে শেষ তিন ম্যাচে জয় নেই তাদের। এরমধ্যে গত শনিবার স্ট্রসবার্গের কাছে ১-২ ব্যবধানে বশ মানে পিএসজি। কোচ এনরিকে অবশ্য এই হারে খুব একটা বিচলিত নন। দল আগেই লিগ খেতাব ঘরে তুলেছে। তাই চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এই ম্যাচে নিয়মিত প্রথম একাদশের সব ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিলেন তিনি। তবে আর্সেনালের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে পিএসজি। কোচ এনরিকের কথায়, ‘প্রথম লেগের জয় ভুলে আমাদের নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আর্সেনাল আরও বেশি ভয়ঙ্কর হয়ে ঝাঁপাবে। তবে আমাদের স্বাভাবিক খেলাটা মেলে ধরতে হবে।’ উল্লেখ্য, বার্সেলোনার পাশাপাশি চলতি মরশুমে পিএসজি’র সামনেও ত্রিমুকুট জয়ের সুযোগ রয়েছে। ইতিমধ্যেই ফরাসি লিগ জিতেছে তারা। লিগ কাপেও দল ফাইনালে পৌঁছেছে। তবে রেকর্ডের কথা ভুলে আপাতত দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলাই লক্ষ্য এনরিকের।
প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আর্সেনাল। কোচ আর্তেতা বলেন, ‘ফাইনালে পৌঁছতে হলে জীবন বাজি পর্যন্ত রাখতে হতে পারে। আর ছেলেরা তার জন্য তৈরি। প্রথম লেগে আমরা একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ। তবে ফুটবলে প্রতিদিন খারাপ যায় না। আশা করছি, প্যারিসেই দল ঘুরে দাঁড়াবে।’ উল্লেখ্য, প্রথম লেগে কার্ড সমস্যায় দলে ছিলেন না টমাস পার্তে। তবে কোচ আর্তেতাকে স্বস্তি জুগিয়ে বুধবার দলে ফিরছেন তিনি।
ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।