নয়াদিল্লি ও ঢাকা: ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে নয়া টানাপোড়েন। নেপথ্যে রাজধানী দিল্লির একটি ঘটনা। ভারতের বিদেশ মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। কিন্তু রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামার পর তাঁকে ভারতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, পরে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলেও জাহেদকে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওপার বাংলায় পালাবদলের পর এই প্রথম এই ধরনের কোনো ঘটনা ঘটল। ঘটনার জেরে সোমবার দুপুরেই ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে ডেকে পাঠায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লির বিমানবন্দরে রবিবারের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী খালিলুর রহমানের দাবি, এই ঘটনা অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক। ভারতের পক্ষ থেকে অবশ্য এব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।



