


পাটনা, ১৮মে: মাত্র কয়েক ঘণ্টার ব্যাবধান। কাল সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নীকাণ্ডের রেশ না কাটতেই ফের আরো এক ট্রেনের কোচে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। বিহারের সাসারাম রেলস্টেশনে সোমবার সকালে পাটনাগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের কোচে হঠাতই কালো ধোঁয়া বের হতে দেখে প্লাটর্ফমের মানুষরা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলবাহিনী ও রেল পুলিশ। দীর্ঘ চেষ্টার পর অগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি সকাল প্রায় ৬টার সময় প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে ছাড়ার কথা ছিল। তার ঠিক আগেই একটি কোচে আগুন ধরে যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও ট্রেনটির একটি কোচ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কোচটিকে আলাদা করার কাজ চলছে। পাশাপাশি ট্রেনটির সম্পূর্ণ নিরাপত্তা পরীক্ষা করে পরে সেটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হবে।
গতকাল, অর্থাত্ রবিবার সকালে রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচটিতে অগুন লেগে একদম পুড়ে যায়। কোচটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সকল যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। কোটা পর্যন্ত যাত্রার জন্য তাঁদের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।