সংবাদদাতা, বারুইপুর: সকালে ঘুম থেকে উঠে টিভিতে খবর দেখে অবাক বারুইপুরের সূর্যপুরের বাসিন্দারা। বারুইপুর থানার পুলিশের গুলিতে খতম নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল। তারপর থেকেই থমথমে সূর্যপুর।
সংবাদদাতা, বারুইপুর: সকালে ঘুম থেকে উঠে টিভিতে খবর দেখে অবাক বারুইপুরের সূর্যপুরের বাসিন্দারা। বারুইপুর থানার পুলিশের গুলিতে খতম নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল। তারপর থেকেই থমথমে সূর্যপুর।
বুধবারের সকাল ছিল অন্যরকম। দোকানপাট বন্ধ। কিছু চায়ের দোকান খোলা। শুনশান পরিবেশ। এ এক অন্য সূর্যপুর। যেখানে প্রতিদিন রাস্তা লোকজনে গমগম করত। সেখানে এদিন এনকাউন্টার নিয়ে চলছে লোকমুখে আলোচনা। কেন্দ্রীয় বাহিনী ও বারুইপুর থানার পুলিশের গাড়ি টহল দিচ্ছে রাস্তায়। এদিন সূর্যপুর হাটে বড়ো পাইকারি বাজারও বসেনি। রাস্তায় প্রতিদিন গাড়ির ভিড়ে যানজট লেগে থাকত তাও উধাও। শুধু মাত্র নাবালিকাদের বাড়ির সামনে রাস্তায় গাড়ির লাইন। পুলিশের গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি পর পর দাঁড়িয়ে। এনকাউন্টারে প্রভাসের মৃত্যুর খবরে খুশি সূর্যপুর। অনেকেই বললেন, যেভাবে নাবালিকাকে খুন করা হয়েছে ক্ষমার অযোগ্য। অভিযুক্ত মরেছে এলাকায় ভয় কমেছে। অন্যদেরও মারা হোক এভাবেই। এক বাসিন্দা বলেন, এদিন সকালে অভিযুক্তর মৃত্যুর খবরে চমকে গিয়েছিলাম। পুলিশকে গুলি চালাতে গিয়ে নিজেই মরেছে। পাপের ফল পেয়েছে। কিন্তু ভয়ে অনেকে দোকান খোলেনি। সূর্যপুর সেতু সংস্কার করে চালু হয়েছে এক বছর আগে। এই সেতু জয়নগরকে যুক্ত করছে। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সেতুতে কয়েকশো গাড়ি চলাচল করে। কিন্তু আলো না থাকায় অন্ধকারে ডোবে সেতু। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন দেখে না। বারবার জানানো হয়েছে। এই খুনের ঘটনার পরে আমাদের ভয় হচ্ছে যাতায়াত করতে। অবিলম্বে আলো বসিয়ে নিরাপত্তা দিক প্রশাসন। তাঁরা আরও বলেন, প্রতিদিন অন্ধকার থাকায় প্রায় দুর্ঘটনা লেগে আছে। গাড়ি চালকদের যাতায়াত করতে অসুবিধায় পড়তে হয়। রাতে যাতায়াত করা দুষ্কর হয়ে ওঠে। বাসিন্দারা এই সময়ে ওই সেতুতে অবিলম্বে আলো চাইছেন। তাঁরা প্রশাসনের কাছে এমনই আরজি জানিয়েছেন।