


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভা-লালবাজারের মধ্যে টানাপোড়েন! পুরসভার অনুমোদন ছাড়া পুলিশের বিভিন্ন কিয়স্ক এবং মহিলা পরিচালিত পুলিশ বুথ বা পিঙ্ক বুথে বিজ্ঞাপন লাগানো হয়েছে বলে অভিযোগ। এছাড়া সিগন্যাল বোর্ডেও পুরসভার অনুমোদন ছাড়া বিজ্ঞাপন লাগিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে সেই পুলিশ কিয়স্ক, পিঙ্ক বুথগুলিতে নোটিস সাঁটিয়ে দিল পুরসভা। পাশাপাশি সংশ্লিষ্ট বিজ্ঞাপনদাতা সংস্থাকে সাত দিনের মধ্যে বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের কাঠামো খুলে ফেলতে বলেছে। তা না করলে পুরসভার বিজ্ঞাপন বিভাগ সেগুলি খুলে ফেলবে বা ভেঙে দেবে।
পুরসভা সূত্রে খবর, শহরের সাতটির মতো বুথে নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা, পুরসভার নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী এই বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের কাঠামো অবৈধ। সেটিকে সাত দিনের মধ্যে বিজ্ঞাপনদাতা সংস্থাকেই খুলে ফেলতে হবে। না হলে পুরসভা পদক্ষেপ নেবে। পুর কর্তারা জানিয়েছেন, নয়া বিজ্ঞাপন নীতি অনুযায়ী, শহরে যে কোনো সরকারি বা বেসরকারি বিজ্ঞাপন দিতে পুরসভা থেকে অনুমতি নিতে হবে। এমনকী রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর পর্যন্ত কোনো বিজ্ঞাপন দিলে তা পুরসভাকে জানায়। কিন্তু অভিযোগ, বিজ্ঞাপন নীতি না মেনে পুলিশের তরফে নিজেদের বুথ এবং বিভিন্ন ট্রাফিক সিগন্যালে বিজ্ঞাপন লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই কড়া অবস্থান নিয়েছে পুরসভা। আধিকারিকরা বলেন, লালবাজারের তরফে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে নোটিস পাওয়ার পর বিজ্ঞাপনদাতা সংস্থাগুলি আমাদের কাছে আসতে শুরু করেছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন লাগাতে দেওয়া হবে না। এভাবে বিজ্ঞাপন দেওয়া অবৈধ। আগে অনুমোদনের জন্য আবেদন জানাতে হবে, তা পরবর্তীকালে বিবেচনা করে দেখা হবে।
উল্লেখ্য, এর আগেও গত সরকারের আমলে পুরসভার বিজ্ঞাপন নীতি না মেনে শহরের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পুরসভার ‘মতানৈক্য’ হয়েছিল। চিঠি চালাচালি হয়েছিল। পুরসভার এক কর্তা বলেন, রাজ্য সরকারের অনুমোদনেই পুরসভার বিজ্ঞাপন নীতি সিলমোহর পেয়েছে। সেখানে বিজ্ঞাপনের ক্ষেত্রে পুরসভাকে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া রয়েছে। ফলে সরকারি নীতি যদি সরকারের বিভিন্ন পক্ষ না মেনে চলে তা হলে সমস্যা। নিজস্ব চিত্র