নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বকেয়া মেটাতে হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা। অথচ পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত মিটিয়েছে মাত্র ৭ হাজার ৭০০ কোটি টাকা। তারই মধ্যে আবার ১০০ শতাংশ নয়, বকেয়ার ৮৫ শতাংশ দেবে বলে জানিয়েছে রাজ্যের শুভেন্দু অধিকারীর সরকার। তাই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ‘ডিএ’ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কর্মচারীদের পক্ষে ১০ জন প্রতিনিধির নাম ঠিক করে দিল সুপ্রিম কোর্ট। বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, তা ঠিক করতে সুপ্রিম কোর্ট আগেই একটি বিশেষ মনিটরিং কমিটি গড়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এই কমিটির চেয়ারম্যান। কমিটিতে কর্মচারী ইউনিয়ন তথা সংগঠন প্রতি একজন করে প্রতিনিধি রাখার জন্য শীর্ষ আদালতে চেষ্টা চালিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তা মানেনি সর্বোচ্চ আদালত। কর্মচারী সংগঠনের দাবিকেই মান্যতা দিয়ে ১০জনকে অনুমোদন দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক সেই ১০ জন হলেন আইনজীবী ফিরদৌস শামিম, গোপা বিশ্বাস, শ্যামল কুমার মিত্র, আইনজীবী করুণা নন্দী, বিপুল কুমার, মৃন্ময় শ্রীমানি, প্রবীর চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, অভিজিৎ উপাধ্যায় এবং ভাস্কর ঘোষ। ডিএ সংক্রান্ত মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং কর্মচারীদের প্রতিনিধিরা বৈঠক করে আগামী আট সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দেবে। সেই মতো রাজ্যের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর। এই সময়ের মধ্যে রাজ্য কত শতাংশ ডিএ মেটাল, বাকিটা কীভাবে মেটাবে, তা আদালতকে জানাতে হবে।



