নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যে তীব্র মাত্রার কনকনে শীতের আমেজ ছিল তা কিছুটা কমতে শুরু করেছে। শুক্রবার কলকাতা ও সব জেলাতেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ শনিবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী দু’দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর একদিন তাপমাত্রা স্থিতিশীল থাকার পর তা ফের নামতে শুরু করবে।
পশ্চিম হিমালয়ে এখন একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় অবস্থায় আছে। ঝঞ্ঝা সক্রিয় থাকাকালে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়ে। ওই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস প্রবেশ করতে শুরু করে। এই পরিস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পায়। এর প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ে। পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলে ফের কনকনে শীতল উত্তুরে হাওয়া আসতে শুরু করে। তাপমাত্রা তখন ফের নামতে থাকে। ৬ জানুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের কমবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। উত্তরবঙ্গে আপাতত তাপামাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। দিনদুই পর তাপমাত্রা পর্যায়ক্রমে ২ ডিগ্রির মতো কমবে।
শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা (৮ ডিগ্রি) ছিল বীরভূমের সিউড়িতে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৮ ডিগ্রি। দিনদুই আগে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রিতে নেমেছিল। কলকাতায় ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১১ ও ১১.৬ ডিগ্রি। সেটা বেড়ে ১৩.১ ডিগ্রি হয়েছে শুক্রবার। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৩.২ ডিগ্রিতে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সব জায়গাতেই এদিন স্বাভাবিকের নীচে ছিল। তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ১৪ ডিগ্রি হওয়ার পূর্বাভাস আছে। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তারপর ৬-৭ তারিখ থেকে তা কমে ১৩ ডিগ্রির আশপাশে আসবে। পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রি অতিক্রম করবে।