নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে আর মাত্র এই সপ্তাহটা, তারপরেই রাজ্যের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। জানাল আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের এক-দুটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর জন্যও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তাহলে কি এই সপ্তাহেই বঙ্গে শীতের ইতি? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই সপ্তাহের শেষ তিনদিনে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাবও আগামী কয়েকদিন থাকতে পারে। তবে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। অন্যদিকে, মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন সামান্য বেড়ে হয়েছে ১৩.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল শ্রীনিকেতন। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল জেলারগুলির মধ্যে কোচবিহারের তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি হয়েছিল।
এদিন কলকাতার নিকটবর্তী বারাকপুর, সল্টলেক, দমদম, বসিরহাট, ডায়মন্ডহারবার, ক্যানিং, কাকদ্বীপ প্রভৃতি এলাকায় তাপমাত্রা ছিল ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। আবার উলুবেড়িয়া ও কল্যাণীর তাপমাত্রা যথাক্রমে ছিল ১০.৫ ও ৯.৮ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা ৮.৯ ডিগ্রি থাকলেও পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়্গপুর, আসানসোল, বর্ধমান, সিউড়ির তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যেই ছিল। তাপমাত্রা ছিল মালদহে ১৩.২ ডিগ্রি এবং জলপাইগুড়িতে ৯.৬ ডিগ্রি। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও এদিন ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যেই ছিল।