পূর্বাশা দাস: বাংলা ধারাবাহিকের আধিপত্য ঘরে ঘরে। প্রতিদিন বহু দর্শকের মনোরঞ্জন করেন টেলি তারকারা। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে বাংলা ধারাবাহিকের সেই সকল কলাকুশলীকে সম্মান জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে ২০২৫ সালের টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তিনি বলেন, ‘টেলিভিশন চ্যানেলগুলির লক্ষ্য হোক মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা বৃদ্ধি। আমাদের বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস হয়তো ঠিকভাবে পৌঁছচ্ছে না। টেলিভিশনের মাধ্যমেই কখনও কখনও সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে।’ স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমাদের এই মাটিই কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। নবজাগরণের জন্ম দিয়েছে। এই মাটি সোনার চেয়েও খাঁটি। আমি সেই মাটিকে চেনানোর জন্য বলছি। এটা একটা পরিবার।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘টেলিভিশন হচ্ছে আমাদের হৃদয়ের দর্পণ। সমাজশিক্ষা, সমাজের আলোড়ন। এই জগৎটা না থাকলে মানুষের বিনোদন থাকত না।’
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল তারকাখচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, নুসরত জাহান, পূজা বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তারকা। সঙ্গীত পরিবেশন করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। শ্রাবন্তী, নুসরত, পূজা, অঙ্কুশ, ঐন্দ্রিলার জমজমাট পারফরম্যান্স মঞ্চ মাতিয়ে রেখেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই বাংলা ধারাবাহিকের সেরার সেরাদের বেছে নেওয়া হয়েছে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও ‘কথা’র রেশ থেকে গিয়েছে দর্শক মনে। প্রিয় পরিবারের পুরস্কার গিয়েছে ‘কথা’র ঝুলিতে। এছাড়াও প্রিয় পরিবারের পুরস্কার পেয়েছে ‘চিরসখা’, ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’। প্রতিদিন সন্ধ্যায় টিভির পর্দায় বিভিন্ন ধারাবাহিকে অভিনয় সুবাদে ‘ঘরের মেয়ে’ হয়ে উঠেছে পারুল, ফুলকি, সুধা, রোশনাই, তটিনীরা। ঈশানী চট্টোপাধ্যায়, সোনামণি সাহা, দিব্যাণী মন্ডল, তিয়াশা লেপচা, তৃণা সাহা সকলেই পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ‘পরিণীতা’র রায়ান ওরফে উদয় প্রতাপ সিং, ‘তুই আমার হিরো’র শাক্যজিৎ ওরফে রুবেল দাস, ‘আমাদের দাদামণি’র প্রতীক সেন। কথা-অগ্নি, তটিনী-পরশুরাম, লাজবন্তী-অনুভবের পাশাপাশি নতুন দা-কমলিনী অর্থাৎ ‘চিরসখা’ জুটি সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস পুরস্কৃত হয়েছেন সেরা জুটি হিসেবে। এই বিভাগে মোট ৭টি জুটি পুরস্কৃত। রাজনন্দিনী পাল, মনীষা মণ্ডল, তনিষ্কা তিওয়ারি, পর্ণা চট্টোপাধ্যায় সেরা নতুন মুখের পুরস্কার পেলেন। এছাড়াও মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। জীবনকৃতি সম্মান পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। এদিন সিনে টেকনিশিয়ানসের কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।